অবশেষে নৌ ধর্মঘট প্রত্যাহার
টানা পাঁচ দিন অচলাবস্থার পর শ্রমিকদের ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলের শ্রম ভবনে সরকার, মালিক-শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকের পর এ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। নৌ ধর্মঘট আহ্বানকারী নৌশ্রমিক সংগ্রাম ফেডারেশনের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়াজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ত্রিপক্ষীয় বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী ও মালিকেরা আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। সব পক্ষই কিছুটা ছাড় দিয়েছে। তাতে সর্বোচ্চ ক শ্রেণির সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৯৭৫০ টাকা, গ শ্রেণির ৭৭৫০ টাকা। খ শ্রেণির বেতন এখনো ঠিক করা হয়নি।’ এ সিদ্ধান্ত হওয়ার পর সব নৌপরিবহন চলাচলে আর কোনো বাধা নেই বলে জানান তিনি।
ত্রিপক্ষীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে সর্বসম্মতভাবে একটি শান্তিপূর্ণ সমাধান হয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে, যা ১ জুলাই ২০১৬ থেকে কার্যকর করা হবে। সুতরাং নৌ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকেরা।
এর আগেও আলাদাভাবে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে সেখানে কোনো ফল আসেনি। গতকাল শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে মালিক ও শ্রমিকপক্ষের বৈঠকের পর পঞ্চম দিনের মাথায় এর সমাধান এল।
বেতন-ভাতা বাড়ানোসহ ১৫ দফা দাবিতে নৌযানশ্রমিকেরা টানা এই ধর্মঘট পালন করছিলেন। ‘নৌশ্রমিক সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে গত সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে এই ধর্মঘট শুরু হয়েছিল।