অবশেষে পলিথিনের বদলে তুষ পুড়িয়ে সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নগরের গুরুত্বপূর্ণ নাইওরপুল থেকে টিলাগড় সড়ক সংস্কারে পলিথিনের বদলে জ্বালানি হিসেবে তুষ ব্যবহার করা হচ্ছে। গত সোমবার প্রথম আলোয় ‘পিচ গলাতে লাকড়ির বদলে পলিথিন!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর সওজ কর্মকর্তারা তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে সংস্কারকাজ বন্ধ করে দেন। পলিথিন পুড়িয়ে সংস্কারকাজ চলানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতারা। তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধের অনুরোধ জানান। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সরেজমিনে দেখা গেছে, নাইওরপুল-টিলাগড় সড়কের শিবগঞ্জ ও হাতিম আলী স্কুল রোড অংশে বেশ কয়েকজন শ্রমিক সংস্কারকাজ করছেন। তাঁরা পিচ গলাতে তুষ ব্যবহার করছেন। সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ প্রথম আলোকে বলেন, ‘পরিবেশের ক্ষতি করে কোনো কাজ হবে—সেটা আমরাও চাই না। সংবাদটি জানার সঙ্গে সঙ্গেই আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে পলিথিন না পোড়ানোর নির্দেশ দিয়েছি। এখন পলিথিনের বদলে “তুষ” ব্যবহার করা হচ্ছে।’