অবশেষে পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী পাঁচ মাসের বেতন পেলেন
অবশেষে সারা দেশের ৩৮টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী পাঁচ মাসের বেতন পেয়েছেন। গতকাল রোববার জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসের বেতনের এমপিও হাতে পেয়েছেন বলে কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নিশ্চিত করেছেন।অর্থ বরাদ্দ না থাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর জানুয়ারি থেকে বেতন বন্ধ রেখেছিল। ১৬ মে প্রথম আলোর ৫-এর পাতায় ‘৫০০ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ পাঁচ মাস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) খান রেজাউল করিম জানান, বাজেট ঘাটতির কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।গত জানুয়ারি মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ৩১টি এসএসসি (ভোকেশনাল) এবং সাতটি এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) প্রতিষ্ঠানের তালিকা কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠায়। কিন্তু আর্থিক বরাদ্দ না থাকায় এসব প্রতিষ্ঠানের বেতন বন্ধ রাখা হয়।নাটোরের লালপুরের মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, রাজশাহীর বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু সাইদ মো. সিদ্দিক, নাটোরের সিংড়ার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক, রংপুরের পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান প্রমুখ পাঁচ মাসের বেতন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।