অবশেষে পিপির দায়িত্ব হস্তান্তর
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রাম-২-এর বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এম এ নাছের গতকাল মঙ্গলবার তাঁর অনুপস্থিতিতে মামলা পরিচালনার জন্য অন্য ট্রাইব্যুনালের পিপির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
এম এ নাছের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ২১ নম্বর জামাল খান ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন।
গতকাল প্রথম আলোয় ‘নির্বাচনী লড়াইয়ে পিপি দুর্ভোগে বিচারপ্রার্থীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এম এ নাছের প্রথম আলোকে বলেন, গতকাল তিনি বেশ কিছু মামলার শুনানিতে অংশ নিয়েছেন। তাঁর পরিবর্তে কিছুদিনের জন্য মামলা পরিচালনা করতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রাম-১-এর পিপি জেসমিন আক্তারকে দায়িত্ব দিয়েছেন।
জানতে চাইলে জেসমিন আক্তার জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এপিপি নেই। কেউ অসুস্থ হলে কিংবা ছুটিতে গেলে ভারপ্রাপ্ত হিসেবে অন্য পিপিরা দায়িত্ব পালন করে থাকেন। তিনি জানান, এম এ নাছেরের পরিবর্তে তিনি ভারপ্রাপ্ত হিসেবে ওই ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করছেন।
ট্রাইব্যুনাল-২-এর বেঞ্চ সহকারী ইফতেখার রশিদ জানান, গতকাল সকালে পিপি এসে বেশ কিছু মামলার শুনানিতে অংশ নেন। পরে তিনি ট্রাইব্যুনাল-১-এর পিপিকে দায়িত্ব পালনের জন্য চিঠি দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর এম এ নাছেরের অনুপস্থিতিতে তাঁর সহকারী আইনজীবীরা মামলা পরিচালনা করে আসছিলেন। কিন্তু ট্রাইব্যুনালে পিপি ছাড়া রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা যায় না।