অবশেষে পুকুর ভরাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে অবশেষে পুকুর ভরাট বন্ধ হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় পুকুর ভরাটের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুকুর ভরাট বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মকবুল হোসেন বাদী হয়ে রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় রামচন্দ্রপুর এলাকায় ভরাট করতে থাকা পুকুরের মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিবাদী করা হয়েছে নগরের মিরের চক এলাকার মোহাম্মদ খোকন, নাটোরের লালপুর উপজেলার মোরশেদ আলম ও খাইরুল আলমকে। লালপুরের দুজন আপন দুই ভাই। তাঁরা পুকুরের মালিক। আর খোকন নিজে পুকুরটি ভরাট করছিলেন।
গতকাল বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের পক্ষ থেকে নগরের রামচন্দ্রপুর এলাকায় ভরাট করতে থাকা পুকুরের পাড়ে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপপরিচালকের বরাত দিয়ে পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই নির্দেশ দেওয়া হলো তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান বলেন, পুকুর ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ। তাই তাঁরা ভরাটকারী ব্যক্তি ও পুকুরমালিকের বিরুদ্ধে মামলা করেছেন।
প্রায় এক সপ্তাহ আগে দুটি ট্রাক্টরে করে মাটি এনে ওই পুকুরটি ভরাট করা হচ্ছিল। এ নিয়ে গত রবি ও সোমবার প্রথম আলোয় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
২০১০ সালে রাজশাহী মহানগর উন্নয়ন মহাপরিকল্পনা ২০০৪-২০২৪ এর অন্তর্ভুক্ত নগরের জলাশয়গুলো তিন মাসের জন্য ভরাটে স্থগিতাদেশ দেন হাইকোর্ট। রাজশাহীর পরিবেশবাদী সংগঠন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহাবুব সিদ্দিকীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এখনো এই রিটের নিষ্পত্তি হয়নি।