অবশেষে পুলিশের তৎপরতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে মোহনা ভিআইপি ছাত্রী হোস্টেলে বখাটেদের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ বুধবার কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন।

গত সোমবার রাতে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে ওই ছাত্রী হোস্টেলে হামলা চালায় বখাটেরা। আজ বুধবার প্রথম আলোতে ‘হামলা তো হবে, তোমরা শার্ট-প্যান্ট পরো কেন?’ শিরোনামে সংবাদ প্রকাশের পর শুরু হয় পুলিশি তত্পরতা।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, ঘটনার বিষয়ে আগে কোনো ধরনের অভিযোগ করেনি হোস্টেল কর্তৃপক্ষ। তাই বিষয়টি জানা যায়নি। আর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অচিরেই আইনের আওতায় আনা হবে।

‘হামলা তো হবে, তোমরা শার্ট-প্যান্ট পর কেন?’
আজ বিকেলে হোস্টেলে গিয়ে এই প্রতিবেদকের কথা হয় নিরাপত্তাকর্মী জাহিদুল ইসলামের সঙ্গে। জাহিদুল বলেন, দুপুর ১২টার দিকে হোস্টেলে পুলিশের একটি দল আসে। পরে তাঁকে ও আরেক নিরাপত্তাকর্মী মুজিবুর রহমানকে থানায় নিয়ে বখাটেদের পরিচয় জানতে চায় পুলিশ। বখাটেদের চেনেন না বলে তাঁরা পুলিশকে জানিয়েছেন।

জাহিদুল ইসলামের সঙ্গে কথা বলার একপর্যায়ে হোস্টেলের ভেতর থেকে বেরিয়ে এসে এক নারী এই প্রতিবেদকের সঙ্গে দুর্ব্যবহার করেন। নিজেকে পুলিশ কর্মকর্তার স্ত্রী দাবি করে তিনি বলেন, ‘হোস্টেলের সামনে সামান্য আতশবাজি ফুটিয়েছে। কিন্তু আপনারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি শুরু করছেন।’ তিনি ওই হোস্টেল কর্তৃপক্ষের কেউ কি না—জানতে চাইলে তা বলতে রাজি হননি ওই নারী।

দুর্ব্যবহারের বিষয়টি মোবাইল ফোনে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হককে জানানো হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি দেখছি।’

গত সোমবার মোহনা ছাত্রী হোস্টেলের প্রধান ফটকের সামনে পটকা ছুড়ে মারে বখাটেরা। পটকাগুলো বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া হোস্টেলে কাচের বোতল ছুড়ে মারা হয়। পরে ছাত্রীদের উদ্দেশ করে গালাগাল করে ওই বখাটেরা।

বাংলাদেশ মহিলা পরিষদের নিন্দা

মোহনা ছাত্রী হোস্টেলে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বিকেলে সংগঠনটির সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।