অবশেষে প্রকৃতিই ভাঙল সেই বাঁধ
এত দিন প্রবহমান খোয়াই নদে বাঁধ দেওয়ার বিরোধিতা করে আসছিলেন এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। অবশেষে প্রকৃতি নিজেই নদের ওপর নির্মিত বিকল্প সড়কের সেই বাঁধ ভেঙে দিল। তিন দিনের টানা বৃষ্টিতে নদের পানি বৃদ্ধি পেয়ে গতকাল রোববার বাঁধটি ভেঙে যায়।
সরেজমিনে দেখা যায়, বাঁধ দেওয়ার কারণে খরস্রোতা খোয়াই নদে পানির বেগ আরও বেড়ে গেছে। প্রবল স্রোতে অবৈধভাবে নির্মাণ করা বিকল্প সড়কটির পশ্চিম অংশ ভেঙে যায়। তবে শ্রমিকেরা এ ভাঙা অংশ মেরামত করতে তাৎক্ষণিকভাবে বালুর বস্তা ফেলছেন। বাঁধটির কাঠামো ধরে রাখতে তাঁরা শায়েস্তাগঞ্জ সেতুর সঙ্গে রশি দিয়ে টানা দিয়েছেন। তাতেও কাজ হচ্ছে না। নদে স্রোত বেড়েই চলেছে।
এলাকার বাসিন্দা কাজল মিয়া বলেন, এখন বর্ষা মৌসুম। নদে পানি থাকবে। নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত নদকে। চীনা কোম্পানি প্রকৃতির বিরুদ্ধে যে বাঁধ দিয়েছে তাতে ওই এলাকায় আগাম বন্যা দেখা দেবে। শামছু মিয়া বলেন, এ বাঁধটি ভেঙে যাওয়ায় তাঁরা খুশি। কারণ এতে নদের সুরক্ষা বাঁধ হুমকিতে ছিল। এ ধরনের বাঁধ থাকলে যেকোনো সময় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে।
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চীনের গোয়াং ডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং করপোরেশন সম্প্রতি শায়েস্তাগঞ্জ সেতুর (ঢাকা-সিলেট মহাসড়কের) নিচে নদে বাঁধ দিয়ে বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু করে। এতে নদের প্রবাহ বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত ২৮ মে প্রথম আলোয় ‘বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিতে খোয়াই নদ ভরাট করে বিকল্প সড়ক’ শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কাজ বন্ধ করে দেন। কিছুদিন যেতে না যেতেই পুনরায় কাজ শুরু করে গোয়াং ডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং করপোরেশন।