অবশেষে প্রতিবন্ধীদের জন্য অধিকারভিত্তিক আইন হচ্ছে
নতুন আইন, নাকি ২০০১ সালের প্রতিবন্ধী কল্যাণভিত্তিক আইনটির সংশোধন হবে—এ সিদ্ধান্ত নিতে সময় লেগেছে দুই বছর। অবশেষে প্রতিবন্ধীদের জন্য অধিকারভিত্তিক নতুন আইন করতে যাচ্ছে সরকার। আইনের খসড়া তৈরির জন্য গঠিত উপকমিটি ৩১ জুলাইয়ের মধ্যে নতুন আইনের খসড়া তৈরি করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে জমা দেবে।খসড়া চূড়ান্ত করতে গত ২৬ এপ্রিল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিতীয় আন্তমন্ত্রণালয় সভা হয়। সভায় ২০০১ সালের কল্যাণভিত্তিক আইনটি বাতিল করা হয়। নতুন আইনের খসড়া তৈরির জন্য নয় সদস্যের একটি উপকমিটি করা হয়। উপকমিটি ৩১ জুলাইয়ের মধ্যে নতুন আইনের খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেবে বলে সিদ্ধান্ত হয়। উপকমিটি প্রয়োজন মনে করলে কমিটিতে আরও সদস্য যুক্ত করতে পারবে।উপকমিটিতে দুজন শারীরিক প্রতিবন্ধী ও প্রতিবন্ধী সংগঠনের একজন প্রতিনিধি আছেন। তবে শ্রবণ-বাক্, দৃষ্টি, বুদ্ধি, মানসিক প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধি এবং নারী প্রতিনিধি না থাকায় এ নিয়ে ক্ষোভ রয়েছে। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা লিখিতভাবেও বিষয়টি সরকারকে জানিয়েছেন। নতুন আইনে বাদ পড়া প্রতিবন্ধীদের কথাগুলো সঠিকভাবে আসবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের সভাপতি বাক্-শ্রবণপ্রতিবন্ধী এম ওসমান খালেদ।উপকমিটির সদস্য সেন্টার ফর ডিজ-অ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান প্রথম আলোকে বলেন, উপকমিটিতে সব ধরনের প্রতিনিধি থাকা প্রয়োজন। তাহলে সমস্যাগুলো সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হবে। উপকমিটি এ পর্যন্ত একবার সভা করেছে। সেখানেও প্রতিনিধি বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে। এখনো সব ধরনের প্রতিনিধি নিশ্চিত করার সুযোগ আছে।উপকমিটির সভাপতি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী নুরুল কবীর প্রথম আলোকে বলেন, উপকমিটি সব সময় ছোট হয়। আর খসড়া তৈরির পর তা নিয়ে সবার সঙ্গে আলোচনা হবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হবে। তাই সবার মতামত দেওয়ার সুযোগ থাকছে। প্রয়োজনে খসড়া তৈরির সময় বাড়ানো হবে।নতুন আইনের প্রয়োজনীয়তা: সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ২০০১ সালের আইনটিতে প্রতিবন্ধীদের শারীরিক সীমাবদ্ধতা গুরুত্ব দিয়ে তাদের অক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের নিষ্ক্রিয় সেবা গ্রহণকারী হিসেবে উল্লেখ করে কল্যাণমূলক কার্যক্রম গ্রহণের কথা বলা হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, যাতায়াতের সুবিধা, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তাসহ সংবিধান-স্বীকৃত অধিকারগুলো প্রতিবন্ধী কল্যাণ আইনের কোনো ধারায় স্থান পায়নি। বিষয়গুলো এসেছে তফসিলে। আইনের ২৩টি ধারার মধ্যে ১২টিই জাতীয় সমন্বয় কমিটি, নির্বাহী কমিটি এবং জেলা কমিটির গঠন, দায়িত্ব ও কার্যাবলি, সভা ও অন্যান্য বিষয়-সম্পর্কিত। তবে কমিটিগুলো কাজ করেনি এবং তার জন্য আইনের আওতায় কোনো জবাবদিহিরও জায়গা ছিল না।কমিশন গঠনের দাবি: ‘প্রতিবন্ধী ব্যক্তি অধিকার আইন’ শীর্ষক নতুন আইনে প্রতিবন্ধী সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে একটি কমিশন গঠনের দাবি তোলা হচ্ছে। এ মাসে অনুষ্ঠিত উপকমিটির প্রথম সভায় বিষয়টি আলোচনায় এসেছে। সিডিডির প্রতিনিধি এ এইচ এম নোমান খান প্রথম আলোকে বলেন, গত ১০ বছরেও আগের আইনটির বাস্তবায়ন হয়নি। আইনের আওতায় কেউ বিচার পেয়েছে, তারও নজির নেই। কিন্তু বিচার না পাওয়া মানুষগুলো কোথাও বিষয়টি নিয়ে নালিশও জানাতে পারেনি। এবার আইনের আওতায় প্রতিবন্ধীবিষয়ক একটি কমিশন গঠনের ওপর জোর দেওয়া হচ্ছে।