নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক নিয়ে প্রথম আলোয় ‘সেতু আছে সড়ক নেই’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবশেষে টনক নড়েছে। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো চিঠিতে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এলজিইডির ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী ক্যাহলা খৈনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে নবীনগরের উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জিয়াউল ইসলাম মজুমদার ওই চিঠির প্রাপ্তি স্বীকার করে বলেন, ‘প্রথম আলোর রিপোর্টটি সব মহলেই বেশ আলোচিত হয়েছে। মন্ত্রণালয় থেকেও ১০ কর্মদিবসের মধ্যে এ-সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে দাখিলের জন্য লিখিত নির্দেশ পেয়েছি।’প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি প্রথম আলোর বিশাল বাংলায় ‘সেতু আছে সড়ক নেই’ শিরোনামে পাঁচ কলামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা হয়।