অবশেষে প্রতিমন্ত্রীই উদ্বোধন করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিমন্ত্রীকে দিয়ে উদ্বোধন না করায় বন্ধ করে দেওয়া নাটোর পৌরসভার নয় কোটি টাকার সেই উন্নয়নকাজ গতকাল রোববার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। ঠিকাদারও নতুন করে কাজ শুরু করেছেন। পৌরসভা সূত্র জানায়, পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক মঙ্গলবার শহরের ডোমপাড়ায় নয় কোটি টাকা ব্যয়ে পৌরসভার রাস্তা ও নালা মেরামতকাজের উদ্বোধন করেন। ওই দিন থেকে ঠিকাদার ডোমপাড়া-রথবাড়ী সড়কের মেরামতকাজ শুরু করেন। পরের দিন বুধবার সন্ধ্যায় যুবলীগের কর্মীরা টেলু ডোমপাড়ায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দেন। গতকাল বিকেলে প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ওই কাজ উদ্বোধন করেন। ডোমপাড়া মোড়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিমন্ত্রী ছাড়াও জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে নাটোর পৌরসভাকে আরও উন্নত করা হবে। পৌরবাসীর সুযোগ-সুবিধা বাড়াতে পরস্পর মিলে কাজ করা হবে। পরে তিনি ফলক উন্মোচন করে উন্নয়নকাজের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা একই কাজ দুইবার উদ্বোধন প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা সরকারের উন্নয়নমূলক কাজ। এ কাজ উদ্বোধনের জন্য মেয়র আমাকে ডেকেছেন। এ জন্য আমি এসেছি।’