অবশেষে প্রথম শ্রেণির চাকরিতে এসি রবিউলের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত স্বামীর স্মৃতি আর দুই সন্তানকে নিয়ে পথ চলছেন হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসি রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা। প্রথম আলো ফাইল ছবি
নিহত স্বামীর স্মৃতি আর দুই সন্তানকে নিয়ে পথ চলছেন হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসি রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা। প্রথম আলো ফাইল ছবি

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা পদে প্রথম শ্রেণির চাকরি পেলেন গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা। এই পদে তাঁকে অ্যাডহক (অস্থায়ী) ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিহত এসি রবিউলের স্ত্রী উম্মে সালমার হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ–উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ।

এর আগে প্রথম শ্রেণির পদে নিয়োগ পাওয়ার যোগ্যতা থাকলেও উম্মে সালমাকে তৃতীয় শ্রেণির একটি পদে মাস্টাররোলে (দৈনিক মজুরিভিত্তিক) নিয়োগ দেওয়া হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনা হয়। এরপর আজকে প্রথম শ্রেণির পদে নিয়োগপত্র পান উম্মে সালমা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১ অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে রেজিস্ট্রার কার্যালয়ে একজন প্রশাসনিক কর্মকর্তাসহ (প্রথম শ্রেণি) বিভিন্ন শ্রেণিতে আরও বেশ কয়েকটি পদের জন্য আবেদন আহ্বান করা হয়। প্রশাসনিক কর্মকর্তা পদের জন্য শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি ও স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি যোগ্যতা হিসেবে চাওয়া হয়। বিজ্ঞপ্তির সব শর্ত পূরণ করায় উম্মে সালমা ওই পদে আবেদন করেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি ওই পদের জন্য সাক্ষাৎকার দেন। কিন্তু ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। ওই পদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাজীব চক্রবর্তীর নিয়োগ অস্থায়ী থেকে স্থায়ী করা হয়। ২০১৫ সালে রাজীব চক্রবর্তী অস্থায়ী ভিত্তিতে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছিলেন।

তৃতীয় শ্রেণির একটি পদে মাস্টাররোলে উম্মে সালমাকে নিয়োগের একটি প্রশাসনিক আদেশ গতকাল বৃহস্পতিবার পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছিল, উম্মে সালমাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে উচ্চমান সহকারী পদে (তৃতীয় শ্রেণি) দৈনিক মজুরিভিত্তিক ৯০ দিনের জন্য নিয়োগ দেওয়া হলো। এতে আরও বলা হয়, এর জন্য তিনি দৈনিক ৫২৫ টাকা করে মজুরি পাবেন এবং চাকরিতে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা পদে প্রথম শ্রেণির চাকরির নিয়োগপত্র পেলেন উম্মে সালমা। ছবি: সংগৃহীত
অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা পদে প্রথম শ্রেণির চাকরির নিয়োগপত্র পেলেন উম্মে সালমা। ছবি: সংগৃহীত

যোগ্যতা থাকার পরও এসি রবিউলের স্ত্রীকে তৃতীয় শ্রেণির চাকরি দেওয়া ফেসবুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়। রবিউলের পরিবারের ঘনিষ্ঠ ও এই বিশ্ববিদ্যায়ের সাবেক শিক্ষার্থী নূর সিদ্দিকী তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সালমার শিক্ষাজীবনে তিনটি প্রথম শ্রেণি, একটি দ্বিতীয় শ্রেণি। স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ভূগোলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদন করে মৌখিক পরীক্ষা দেন। কিন্তু নিয়োগপত্র আসে তৃতীয় শ্রেণির পদের। গুলশানের হোলি আর্টিজানে হামলায় পুলিশ কর্মকর্তা রবিউল নিহত হন। তাঁকে মরণোত্তর বিপিএম (পুলিশ) পদকও দেওয়া হয়েছে। দেশের জন্য প্রাণ দেওয়া রবিউলের স্ত্রী কি করুণার চাকরিটি নিতে পারেন? রবিউলের মর্যাদা নিশ্চয়ই তিনি রক্ষা করবেন।’

হোলি আর্টিজান বেকারিতে হামলার এক বছরের দিনে চলতি ১ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হামলায় নিহত এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রবিউল করিমের স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রথমে তৃতীয় শ্রেণির পদে চাকরি দিলেও পরে প্রথম শ্রেণির পদে চাকরি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের বাস্তবায়ন করল।

তবে, উম্মে সালমাকে তৃতীয় শ্রেণির চাকরি দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন আগে জানিয়েছিলেন, ‘সালমা দীর্ঘদিন আগে পড়াশোনা শেষ করেছেন। তাঁর অভিজ্ঞতাও নেই। তাই এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে যদি কোনো ভিন্ন মত আসে, আমরা বিবেচনা করব।’ শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভিন্ন মতের বিষয়টি বিবেচনা করেছে।

আরও পড়ুন...