অবশেষে প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর নারী সাংবাদিককে মারধরের মূল হোতা সাইফুর রহমান ওরফে সাপ্পুকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার ভোর পাঁচটায় পান্থপথ এলাকা থেকে সাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে তাঁকে গতকালই আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।আদালত সূত্র জানায়, আদালত তিন দিনের মধ্যে সাপ্পু সম্পর্কে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।গত রোববার বিকেলে বাসায় যাওয়ার সময় পান্থপথে ওই নারী সাংবাদিক মারধরের শিকার হন। তিনি অভিযোগ করেন, পান্থপথের মোহাম্মদী এন্টারপ্রাইজের মালিক সাইফুর রহমান ওরফে সাপ্পু তাঁর গায়ে মোটরসাইকেল তুলে দেন। এর প্রতিবাদ করলে সাপ্পু ও তাঁর ছোট ভাই শাহাদত হোসেন ওরফে সেকুসহ আরও কয়েকজন তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন। পরে তিনি কলাবাগান থানায় অভিযোগ দিলে তারা মামলা না নিয়ে সেটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে। অবশ্য গত মঙ্গলবার আদালতের অনুমোদন সাপেক্ষে পুলিশ ওই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। সাপ্পু ও সেকু গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। একই দিন দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অভিযোগে মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই তাজউদ্দিনকে প্রত্যাহার করা হয়।কলাবাগান থানার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাজউদ্দিনের সঙ্গে এই মামলার দুই আসামির সখ্য ছিল। তাজউদ্দিন আগে থেকেই মোবাইল ফোনে আসামিদের সতর্ক করে দিতেন। ফলে ফাঁদ পেতেও আসামিদের পুলিশ এত দিন গ্রেপ্তার করতে পারেনি। এমনকি গ্রেপ্তার এড়িয়ে আদালত থেকে সাপ্পু ও সেকুকে জামিন নেওয়ার ক্ষেত্রে এসআই তাজউদ্দিন সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।ওই কর্মকর্তা আরও বলেন, তাজউদ্দিনের বিরুদ্ধে এ মামলা-সংক্রান্ত ১০-১২টি অভিযোগ লিখে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে গতকাল কয়েক দফা মুঠোফোনে চেষ্টা করা হলেও তাজউদ্দিন ফোন ধরেননি। পরে তিনি একপর্যায়ে ফোনটি বন্ধ করে দেন।