অবশেষে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত
রংপুরের বদরগঞ্জ পৌরসভার কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অবশেষে স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার ওই পরীক্ষা গ্রহণের কথা ছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ছয়জন সদস্য পদত্যাগ করায় কমিটি কেন ভেঙে দেওয়া হবে না—এই মর্মে গত সোমবার সভাপতিকে কারণ দর্শানোর চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেখা যাক কী হয়।’
রংপুরের বদরগঞ্জ জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে ১৭ সেপ্টেম্বর ওই পদের আটজন প্রার্থীর দায়ের করা মামলার আরজিতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে প্রধান শিক্ষক পদে নিয়োগদানের জন্য তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা। নিয়োগদানের পর তাঁর কাছ থেকে আরও তিন লাখ টাকা নেওয়ার গোপন চুক্তি করা হয়।
এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ১১ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত হয়।