অবশেষে প্রশিক্ষণের টাকা পেলেন হিজড়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৫ দিন আন্দোলন করে নিজেদের ন্যায্য পাওনা আদায় করল নেত্রকোনার হিজড়া সম্প্রদায়। জেলা প্রশাসকের হস্তক্ষেপে প্রশিক্ষণের সম্মানী ভাতা ও পুরস্কারের টাকা দিতে বাধ্য হলেন সমাজসেবা অধিদপ্তরের নেত্রকোনা জেলার উপপরিচালক (ডিডি) মো. আমিনুল ইসলাম।
কয়েকজন হিজড়া ও জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, হিজড়াদের দক্ষতা বৃদ্ধি ও তাঁদের সমাজের মূল স্রোতে আনার লক্ষ্যে নেত্রকোনায় গত ৪ এপ্রিল থেকে কম্পিউটার ও বিউটি পারলার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৫০ দিনের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন হিজড়া অংশ নেন। প্রশিক্ষণে প্রতিদিন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৩০০ টাকা করে ভাতা এবং নাশতা ও দুপুরের খাওয়া বাবদ ১৫০ টাকা করে দেওয়ার কথা।
হিজড়াদের অভিযোগ, ডিডি আমিনুল ইসলাম প্রশিক্ষণে খাবার ও খাতা-কলম নিম্নমানের দেন এবং ২৫ দিন প্রশিক্ষণ চালিয়ে এই কর্মসূচি বন্ধ করে দেন। পরে গত ২৩ জুন সনদপত্র ও ভাতা দিয়ে প্রশিক্ষণ শেষ করেন। ওই দিন প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা দিয়ে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলে স্বাক্ষর নেন। এতে প্রশিক্ষণার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। ওই দিনই হিজড়ারা এ ব্যাপারে জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদারের কাছে লিখিত অভিযোগ দেন ও বিক্ষোভ শুরু করেন। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক তাঁর সম্মেলন কক্ষে হিজড়াদের ডেকে নেন। এ সময় প্রশিক্ষণের বাকি দুই লাখ ২৫ হাজার টাকা দেন আমিনুল ইসলাম। এ ছাড়া প্রশিক্ষণে সেরা ১০ জন প্রশিক্ষণার্থীকে ১০ হাজার টাকা করে পুরস্কার বাবদ বাকি এক লাখ টাকা আজ বৃহস্পতিবারের মধ্যে ফেরত দেওয়ার সময় নেন আমিনুল।
জেলা প্রশাসক বলেন, ‘মঙ্গলবার বিকেলে হিজড়াদের ডেকে এনে সমাজসেবার ডিডির কাছ থেকে তাঁদের প্রাপ্য দুই লাখ ২৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। পুরস্কারের এক লাখ টাকা বৃহস্পতিবার (আজ) উনি ফেরত দেবেন বলে অঙ্গীকার করেছেন।’
তবে আমিনুল ইসলাম গতকাল সন্ধ্যায় মুঠোফোন প্রথম আলোকে বলেন, ‘প্রশিক্ষণ দীর্ঘমেয়াদি হওয়ায় হিজড়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে বিরক্তবোধ করছিলেন। তাই ৫০ দিন প্রশিক্ষণ চালানো সম্ভব হয়নি। ভেবেছিলাম ২৫ দিনের টাকা সরকারকে ফেরত দিয়ে দেব। আর সেরা ১০ জন যেহেতু পাওয়া যায়নি, তাই ওই এক লাখ টাকা কীভাবে তাঁদের দেওয়া যায় তা ভেবে দেখতে হবে।’