রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী নিয়ে অবশেষে বিএনপির দুশ্চিন্তার অবসান হতে যাচ্ছে। আজ রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জামায়াত তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারে।মহানগর বিএনপি ও জামায়াতের নেতারা জানিয়েছেন, ১৮ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জোটের একজন প্রার্থী নির্বাচন করবেন। আর সে কারণেই জামায়াতের প্রার্থীকে সরিয়ে নেওয়া হচ্ছে।রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন। আর কারাগারে থাকা জামায়াতের মহানগর সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের নেতারা। এর মধ্যে শফিকুল হক গত মঙ্গলবার তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। কিন্তু জামায়াত কোনোভাবেই ছাড় দিচ্ছিল না। তবে ঢাকায় ১৮ দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত থেকে সরে আসে জামায়াত।জামায়াতের নেতারা বলছেন, আগামী সংসদ নির্বাচনে রাজশাহীতে তাঁদের আসন দেওয়ার বিষয়টি বিএনপি বিবেচনার আশ্বাস দিয়েছে। এ ছাড়া সিটি করপোরেশন নির্বাচনে সাতজন কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষে বিএনপির সমর্থন চেয়েছে জামায়াত। এর মধ্যে ৫, ২৬, ৩০ নম্বর ওয়ার্ডে তাদের প্রার্থীকে সমর্থন দেওয়া হতে পারে। আর এসব শর্তেই প্রার্থিতা প্রত্যাহার করতে যাচ্ছে জামায়াত।মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবু মুহাম্মদ সেলিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘রোববার জানতে পারবেন কে প্রার্থিতা প্রত্যাহার করবেন। তবে মেয়র নির্বাচনে জোটের একক প্রার্থী থাকবে, এটা নিশ্চিত।’ কোন শর্তে সমঝোতা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে দুটি আসনের দাবি আমাদের আছে। আর ওয়ার্ডের বিষয়টি স্থানীয় রাজনীতির সমঝোতা।’বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘জামায়াত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে। তারা দুটি সংসদীয় আসনের দাবি করেছিল। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ওয়ার্ডের বিষয়ে একটি সমঝোতা হয়েছে। স্থানীয়ভাবে যতটুকু হয়, তাদের সমর্থন দেওয়া হবে।’