অবশেষে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর সমালোচনার মুখে অবশেষে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১-ই ধারা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ ধারায় কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা দেওয়া আছে। সম্প্রতি কমিশন তাদের এ ক্ষমতা প্রত্যাহারের প্রস্তাব করেছিল। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠকে সর্বসম্মতভাবে প্রার্থিতা বাতিলের ক্ষমতা বহাল রাখার সিদ্ধান্ত হয়। কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আইনের অন্যান্য ধারার সঙ্গে অসামঞ্জস্য থাকায় কমিশন ৯১-ই ধারা বাতিলের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছিল। কমিশনের এ সিদ্ধান্ত সঠিক ছিল। তা ছাড়া কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা ৯১-এ ধারায়ও আছে। কিন্তু বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠায় তাঁদের মতের প্রতি সম্মান দেখিয়ে কমিশন ধারাটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ধারাটি বর্তমানে যেমন আছে, তেমনই থাকবে। আইন মন্ত্রণালয়ও এ ধারা বাতিল বা এতে কোনো ধরনের সংশোধনী না আনার পরামর্শ দিয়েছে বলে জানান মোহাম্মদ শাহনেওয়াজ। ৯১-ই ধারায় বলা আছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ প্রমাণিত হলে কমিশন তদন্ত করে এবং যথাযথ শুনানির সুযোগ দিয়ে সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বাকি প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীর প্রার্থিতা বাতিলের পর যদি একজন প্রার্থী অবশিষ্ট থাকেন, তবে সেই আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে। গত ২৮ জুলাই কমিশনের বৈঠকে এ ধারাটি বাতিলের জন্য আইন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। এরপর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিশনের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, প্রার্থিতা বাতিলের ক্ষমতা না থাকলে কমিশন ঠুঁটো জগন্নাথে পরিণত হবে এবং নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা বেড়ে যাবে।তারও আগে মধ্য জুলাইয়ে কমিশন আরপিও সংশোধনের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়ে পাঠায়। তাতে ৯১-ই ধারা বাতিল না করে সংশোধনের প্রস্তাব করা হয়। প্রস্তাবে বলা হয়, প্রার্থিতা বাতিলের পর যদি একজন প্রার্থী অবশিষ্ট থাকেন, তবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলে বিবেচিত হবেন।নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানান, ৯১-ই-এর বিষয়ে প্রথম দফায় যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তা প্রত্যাহার করে ধারাটি অবিকল রাখার জন্য আইন মন্ত্রণালয়কে বলা হবে।