অবশেষে ফানুস উড়ল রামুর আকাশে
এবার প্রবারণা পূর্ণিমায় কক্সবাজারের রামুতে কোনো ফানুস ওড়েনি। নদীতে ভাসেনি ‘স্বর্গের’ জাহাজও। তবে দুই দিন পর গত বুধবার রাতে রামুর আকাশে দেখা মিলল অসংখ্য ফানুসের। স্থানীয় ‘অসাম্প্রদায়িক ছাত্র মঞ্চ’ নামের একটি সংগঠনের ব্যানারে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ওই ফানুস ওড়ান।ছাত্র মঞ্চের সমন্বয়ক জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে রামুর ১২টি প্রাচীন বৌদ্ধমন্দির ও ৪০টির বেশি বসতি ধ্বংস করে। ওই ঘটনায় শোকাহত বৌদ্ধরা প্রবারণা পূর্ণিমায় ফানুস ওড়াননি। তবে রামুতে আগের সম্প্রীতি ফিরিয়ে আনতে ছাত্রসমাজ কাজ করছে। আমরা হিন্দু-বৌদ্ধ-মুসলমান বিবেধ ভুলে একসঙ্গে বসবাস করতে চাই।’ রামু হাইস্কুল মাঠে বুধবার সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বালন ও রাতে রঙিন ফানুস ওড়ানোর ওই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সাংসদ অধ্যাপিকা অ্যাথিন রাখাইন। সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতেই এ কর্মসূচি গ্রহণ করা হয় বলে তিনি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবী চন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, সহকারী পুলিশ সুপার (এএসপি) ছত্রধর ত্রিপুরা, নারীনেত্রী আয়েশা সিরাজ। পরে ‘সাম্প্রদায়িক বিভাজন দূর হোক, অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ হোক রামু’—এ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত হয় সংহতি সমাবেশ। এতে অর্পণ বড়ুয়ার সঞ্চালনায় ঘোষণাপত্র পাঠ করেন মুনতাসির রহমান।