অবশেষে বখাটের বিরুদ্ধে মামলা নিল পুলিশ
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক স্কুলছাত্রীর মুখে এসিড ছুড়ে ঝলসে দেওয়ার হুমকির ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ।হুমকির শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মজলিশপুর চাঁড়ালবাড়ি গ্রামের বখাটে রাজনকে আসামি করে নিকলী থানায় এই মামলা করেন।অভিযোগ রয়েছে, উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছিলেন রাজন (২৫)। গত সোমবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে উদ্দেশ করে রাজন অশালীন কথাবার্তা বলেন। এর প্রতিবাদ করলে ওই ছাত্রীকে পুড়িয়ে মারার হুমকি দেন তিনি। পরে ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রাজন ওই রাতেই ছাত্রীর বাড়ি গিয়ে হুমকি দিয়ে বলেন, বাড়াবাড়ি করলে ওই ছাত্রীর মুখ তিনি এসিডে ঝলসে দেবেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (্ইউএনও) মো. হাবিবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও তাৎক্ষণিকভাবে অভিযোগটি থানায় পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু থানা তখন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘ছাত্রীর মুখে এসিড ছোড়ার হুমকি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই দিনই নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ওই ছাত্রীর বাড়ি গিয়ে ছাত্রীর মায়ের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে তা এজাহার হিসেবে গ্রহণ করেন। ওসি বজলুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বখাটে রাজন পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।