অবশেষে বদলি হলেন টাঙ্গাইলের সিভিল সার্জন
টাঙ্গাইলের সিভিল সার্জন আবদুল বাছিত অবশেষে বদলি হয়ে গেছেন। স্বাস্থ্য বিভাগে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা গত ৮ জুলাই তাঁর কার্যালয় ঘেরাওয়ের পর তিনি ‘নিরাপত্তাহীনতার’ কারণে অফিসে আসা বন্ধ করে দিয়েছিলেন। আবদুল বাছিত জানান, তিনি গত বুধবার নবাগত সিভিল সার্জন নজরুল ইসলামের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা) পদে যোগ দিয়েছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সম্প্রতি টাঙ্গাইল স্বাস্থ্য বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের পর পরই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী নিয়োগ বাতিল ও সিভিল সার্জন আবদুল বাছিতের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। তাঁদের অভিযোগ, সিভিল সার্জন মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতিটি পদে নিয়োগ দিয়েছেন। গত ৮ জুলাই ‘চাকরিবঞ্চিত সর্বস্তরের মেধাবী ছাত্রসমাজের’ ব্যানারে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাবেক ও বর্তমান কিছু নেতার নেতৃত্বে সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করা হয়। দুই শতাধিক মোটরসাইকেল ও বড় একটি মিছিল নিয়ে ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও ও সমাবেশ করেন। তাঁরা সিভিল সার্জনকে অপসারণের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেন। আবদুল বাছিত বলেন, ‘ওই ঘটনার পর অনেক সময় নিরাপত্তাহীন বোধ করেছি। তাই ব্যক্তিগতভাবে চেষ্টা করে অন্য জায়গায় বদলি হয়েছি।’