অবশেষে বাবাকে পেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা বেঁচে ছিলেন। তবে জন্মের পর তাঁকে কাছে পায়নি শিশুটি। কখনো বাবা বলেও ডাকতে পারেনি। পায়নি বাবার স্নেহ-মমতা। দীর্ঘ দেড় বছর শিশুটিকে অপেক্ষা করতে হয়েছে বাবার স্নেহের জন্য। অবশেষে গতকাল বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান হয়েছে।শিশু খলিল চৌধুরী পেয়েছে তার বাবাকে। আর তার মা পেয়েছে স্বামীকে। তবে তা পেয়েছে দীর্ঘ আইনি লড়াইয়ের পর। গতকাল শরীয়তপুরের বিচারিক হাকিম আদালত চত্বরে খলিলের বাবা ও মায়ের বিয়ে হয়।আদালত সূত্র জানায়, জেলার ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা গ্রামের শারমিন আক্তার (১৯) একই গ্রামের হালান চৌধুরীর (২৮) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০০৮ সালের নভেম্বর মাসে তাঁরা গোপনে বিয়ে করেন। তবে তাঁদের বিয়ের নিবন্ধন হয়নি। একপর্যায়ে সন্তানসম্ভবা হয়ে পড়েন শারমিন। তিনি স্ত্রীর মর্যাদা ও অনাগত সন্তানের স্বীকৃতি চাইলে হালান তা প্রত্যাখ্যান করেন। শেষমেশ ২০০৯ সালের ১ মার্চ শারমিন জেলার সখিপুর থানায় মামলা করেন। পুলিশ হালানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।এ অবস্থায় ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর শারমিনের একটি ছেলে হয়। নাম রাখা হয় খলিল চৌধুরী। আদালত শিশু খলিল, শারমিন ও হালানের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন। ৯ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শারমিন, হালান ও খলিলের ডিএনএ পরীক্ষা করা হয়। ৩১ জানুয়ারি এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে যায়। এতে দেখা যায়, শিশু খলিল শারমিন ও হালানের ছেলে।এ অবস্থায় হালানের পরিবার বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে আসামিপক্ষের আইনজীবী মীর শাহাবুদ্দিন উজ্জ্বল ও বাদীপক্ষের আইনজীবী তাজুল ইসলাম মীমাংসার মাধ্যমে হালান ও শারমিনকে বিবাহবন্ধনে আবদ্ধ করার কথা বলে আদালতে জামিনের আবেদন করেন।মুখ্য বিচারিক হাকিম মো. শফিকুর রহমান গতকাল আসামি হালানের জামিন মঞ্জুর করেন। পরে হালান ও শারমিনকে বর ও কনের বেশে সাজানো হয়। দুপুর ১২টার দিকে আদালত চত্বরে আইনজীবী ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। কাজির উপস্থিতিতে রেজিস্ট্রি কাবিননামামূলে দুই লাখ টাকার দেনমোহর ধার্য করা হয়। শারমিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘আল্লাহ আমার কান্না কবুল করেছেন। দেশের প্রচলিত আইনের সহায়তায় আমার ছেলে পিতৃত্বের স্বীকৃতি পেল। আমি খুব আনন্দিত। সুখে-শান্তিতে স্বামী-ছেলেকে নিয়ে বসবাস করতে চাই।’ তিনি জানান, স্বামীর বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের আবেদন করা হবে।হালান চৌধুরী বলেন, ‘আমি স্ত্রী-সন্তানের প্রতি অন্যায় করেছি। শাস্তি পাওয়ার আগেই সবকিছু মেনে নিয়েছি।’