অবশেষে বাবার মামলার নথির খোঁজ পেয়েছেন সাথী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাথীর বয়স ১৯-২০। তবে বয়সের উচ্ছলতা নেই চোখেমুখে। চেহারায় বিষাদের ছাপ। বাবা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর আপিলের নথিপত্রের খোঁজে মাস খানেক ধরে হাইকোর্ট এলাকায় ঘুরছেন সাথী। তাঁর ব্যাকুল জিজ্ঞাসা, ‘আমারে খালি একটু বইলা দিবেন হাইকোর্টের কই গিয়া কাগজ পামু?’
অবশেষে মাস খানেক পর কোনো ধরনের নথিপত্র বা মামলা নম্বর ছাড়াই সাথী তাঁর বাবার মামলার খোঁজ পেয়েছেন। এ কাজে তাঁকে সাহায্য করেছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কার্যালয়। গত সোমবার লিগ্যাল এইড কার্যালয়ে দেখা হয় সাথীর সঙ্গে। তিনি বলেন, তাঁর বাবা জামাই মমতাজ রাজধানীর শনির আখড়ায় একটি রড-সিমেন্টের দোকানে কাজ করতেন। ২০০৩ সালে দোকানমালিকের শ্যালক শরীফকে প্রধান আসামি করে শিশু হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে মমতাজকেও আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১১ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শরীফ-মমতাজসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
সাথীর কাছ থেকে জানা যায়, ২০১১ সালেই তাঁর বাবা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। কিন্তু সেই আপিল কী অবস্থায় আছে, তা পাঁচ বছরেও জানতে পারেননি মমতাজ বা তাঁর পরিবার। আপিলের সর্বশেষ অবস্থা জানতে খোঁজ নিয়ে দেখা যায়, পরিবারের কারও কাছে মামলার নথি নেই। মমতাজ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী আছেন। সাথী বলেন, ‘দেড় মাস আগে পরথম ঢাকা জজ কোর্টে যাই। ঐহান থেইকা কয়, মামলা হাইকোর্টে আছে। হেরথন হাইকোর্টে ঘুরতাছি। ওহন লিগ্যাল এইড অফিসে আইছি।’
লিগ্যাল এইড কার্যালয় সাথীকে মামলার কাগজপত্র খুঁজে পেতে সাহায্য করেছে। এই কার্যালয়ের সমন্বয়ক রিপন পৌল স্কু গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ২২ মে সাথীর বাবার মামলার বিষয়ে জানতে তাঁরা কাশিমপুর কারাগারে চিঠি পাঠান। কিন্তু তাদের কাছ থেকে কোনো জবাব আসেনি। অন্তত মামলা নম্বরটা জানা থাকলেও সাথীকে সাহায্য করা যেত।
এরপর প্রথম আলোর পক্ষ থেকে কাশিমপুর কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমরা লিগ্যাল এইড অফিসের চিঠি পেয়েছি। জবাব লিখছি, কাল (বুধবার) হয়তো পৌঁছে যাবে।’ তিনি আরও বলেন, তাঁদের কাছে আসামির সাজা পরোয়ানা আছে। তবে আপিলের মামলা নম্বর বা নিষ্পত্তির কোনো তথ্য নেই।
গতকাল সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কার্যালয়ের সমন্বয়ক রিপন পৌল স্কু জানান, প্রায় দুই সপ্তাহ পর কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাঁদের চিঠির জবাব পাঠিয়েছে। জামাই মমতাজের (সাথীর বাবা) মামলাটি ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও জেল আপিল একসঙ্গে শুনানির অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, ‘যদিও এ ধরনের মামলা সলিসিটর কার্যালয় দেখে, তারপরও আমরা মামলার নথি পর্যালোচনা করে দেখব। সম্ভব হলে অবশ্যই লিগ্যাল এইড কার্যালয় তাঁকে (সাথী) সাহায্য করবে।’
সাথীর মা দুই বছর আগে মারা গেছেন। বাবাই এখন তাঁদের একমাত্র অবলম্বন।