অবশেষে বাহুবল থানার ওসি বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র আন্দোলনের মুখে অবশেষে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সরকারকে হবিগঞ্জে গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি জালাল আহমেদ ভূঁইয়া। এদিকে ‘ওসি হটাও’ আন্দোলন তীব্র আকার ধারণ করায় বাহুবলে তিন দিন ১৪৪ ধারা বলবৎ থাকার পর গতকাল শুক্রবার দুপুর ১২টায় তা প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবীর। গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাহুবল থানার একটি আবাসিক ভবনে মারজানা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীকে এক কনস্টেবলের ছেলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে পুলিশের উপস্থিতিতে মেয়েটি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।মেয়েটির পরিবারের দাবি, তাকে আপত্তিকর প্রশ্ন করায় লজ্জায়, ঘৃণায় সে আত্মহত্যা করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওসির অপসারণ ও অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে উপজেলার মিরপুর ও বাহুবলে কয়েকটি সংগঠন প্রতিবাদ সভা আহ্বান করে। স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ ওসিকে রক্ষার জন্য একই স্থানে পাল্টা সভা আহ্বান করে। ফলে ওই স্থানে গত মঙ্গলবার সকাল নয়টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমিন গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বাহুবলের ওসিকে বদলি করা হয়েছে।