অবশেষে বাড়ি ফিরেছেন শিখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ বছর পর মায়ের সঙ্গে (বাঁয়ে) বাড়ি ফি​েরছেন শিখা l প্রথম আলো
১৫ বছর পর মায়ের সঙ্গে (বাঁয়ে) বাড়ি ফি​েরছেন শিখা l প্রথম আলো

অবশেষে মায়ের সঙ্গে বাড়িতে ফিরেছেন শিখা আক্তার। হারিয়ে যাওয়ার ১৫ বছর পর গতকাল সোমবার মায়ের সঙ্গে কিশোরগঞ্জের বাড়িতে ফিরেছেন তিনি।
এর আগে গত ২৮ জুন মা-মেয়ের মিলন ঘটেছিল। কিন্তু তখন আর শিখার বাড়িতে ফেরা হয়নি। কথা ছিল, ঈদের পর যেকোনো সময় শিখাকে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে তুলে দেওয়া হবে। গতকাল সেটাই করা হলো।
শিখার এই বাড়িতে ফেরার পেছনের কারিগর হলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী মোমিনুল ইসলাম। গতকাল সংস্থাটির খুলনা কার্যালয়ে দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শিখাকে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায়, ফাউন্ডেশনের সমন্বয়ক বনশ্রী মিত্র নিয়োগী ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় সমন্বয়ক জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
মোমিনুল ইসলাম বলেন, প্রথম দিন মা ও স্বজনেরা শিখাকে দেখেই কিশোরগঞ্জে ফিরে যান। কারণ, শিখা তাঁদের সঙ্গে ফিরতে চাননি। পরবর্তী সময়ে মা-মেয়ের কথা হলে শিখা বাড়ি ঘুরে আসার ইচ্ছা প্রকাশ করেন। এখন দুই পরিবারের ইচ্ছাতেই শিখা বাড়ি ফিরে গেছেন। সেখানে শিখার ভালো না লাগলে খুলনায় ফিরে আসবেন। এমন কথার ভিত্তিতেই তাঁকে ফেরত দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার উত্তর পুমদী গ্রামের গিয়াস উদ্দিন ও রহিমা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান শিখা। আট-নয় বছর বয়সে স্থানীয় এক নারী কাজ দেওয়ার নাম করে তাঁকে ঢাকায় নিয়ে যান। পরে কয়েক হাত ঘুরে শিখা আসেন খুলনায়। প্রথমে নগরের জোড়াকল বাজারের একটি বাড়িতে কাজ করতেন। এরপর প্রায় ১৫ বছর ধরে নিউ মিয়াপাড়া রোডের আবুল মিয়ার বাড়িতে ছিলেন তিনি।
ঢাকা থেকে নিখোঁজের পরই শিখার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শিখার বাড়ির লোকজন জানতেন তিনি হারিয়ে গেছেন। শিখার বাবা মারা গেছেন তিন বছর আগে। বেঁচে থাকতে ঢাকার মিরপুর থানায় মেয়ের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে যান তিনি।
গতকাল মায়ের সঙ্গে ফিরে যাওয়ার সময় শিখা বলেন, ‘অনেক অনেক আনন্দ লাগছে। আল্লাহর কাছে সব সময় মা-বাবার জন্য দোয়া করেছি। এখন মায়ের সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু একটাই দুঃখ, বাবাকে আর কোনো দিন দেখতে পাব না।’
গত ২৯ জুন প্রথম আলোয় ‘১৫ বছর পর মায়ের বুকে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।