দীর্ঘ এক যুগ পর মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আফরোজা খানকে সভাপতি ও মঈনুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শনিবার এ কমিটির অনুমোদন দেন বলে গতকাল দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভাপতি আফরোজা খান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনার রশিদ খানের মেয়ে আর সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান হলেন সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলামের খানের ছেলে।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মোকছেদুর রহমান, সহসভাপতি খোন্দকার আবদুল হামিদ (প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে), জামিলুর রশিদ খান, মাহাবুব হোসেন, আজাদ হোসেন খান, আতাউর রহমান ভূঁইয়া ও আবদুল বাতেন, যুগ্ম সম্পাদক মোতালিব হোসেন, আবদুল কুদ্দুস, তোজামেঞ্চল হক; সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ, সহসাংগঠনিক সত্যেন কান্ত পণ্ডিত, দপ্তর সম্পাদক আবদুস সালাম এবং কৃষিবিষয়ক সম্পাদক খোন্দকার আকবর হোসেন (প্রয়াত খোন্দকার দেলোয়ারের আরেক ছেলে)।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গতকাল বিকেলে মানিকগঞ্জ জেলা সদরে মিছিল করেছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
এর আগে ১৯৯৮ সালে হারুনার রশিদ খানকে প্রধান করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হয়েছিল। এর পর থেকে দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে জেলা বিএনপি। প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও হারুনার রশিদ খানের অনুসারী নেতা-কর্মীরা পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন এবং উভয় পক্ষের তীব্র কোন্দলের কারণে ২০০১ সালে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। এরপর বিএনপি চারটি ধারায় বিভক্ত হয়ে মানিকগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড চলে আসছে।