অবশেষে বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমাদ্রী হত্যা
হিমাদ্রী হত্যা

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আসামিরা হলেন ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তাঁর ছেলে জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন, জাহিদুল ইসলাম শাওন ও মাহাবুব আলী খান ড্যানি। এঁদের মধ্যে শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসাইন জামিনে, বাকিরা পলাতক রয়েছেন।
গতকাল সোমবার দুপুরে মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালত শুনানি শেষে অভিযোগ গঠন করেন। ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এর আগে গত বছরের ১৭ ও ২৮ নভেম্বর এবং ১৩ ও ২৭ জানুয়ারি শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে যায়। মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনায় আদালতকে। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
নিহত হিমাদ্রী মজুমদারের বাবা প্রবীর মজুমদার আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, ‘২১ মাস পরে হলেও ছেলে হত্যার বিচার শুরু হয়েছে। এটাই আমার সান্ত্বনা।’ অভিযুক্ত শাহ সেলিম টিপু নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে এ মামলায় ফাঁসানো হয়েছে।’
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী। এ ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ গত ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। কয়েক দফায় পিছিয়ে অবশেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।