অবশেষে বিদ্যালয় থেকে সরানো হলো রনির কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেণীকক্ষ থেকে সাংসদ রনির দলীয় কার্যালয় সরানোর পর চলছে ধোয়ামোছার কাজ।ছবি: প্রথম আলো
শ্রেণীকক্ষ থেকে সাংসদ রনির দলীয় কার্যালয় সরানোর পর চলছে ধোয়ামোছার কাজ।ছবি: প্রথম আলো

গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা রনির দলীয় কার্যালয়। আজ শুক্রবার সকাল নয়টার দিকে সাংসদ রনির অনুসারীরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কক্ষটির চাবি হস্তান্তর করেছেন।
চাবি হাতে পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ কক্ষটি সংস্কার করে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহারের উপযোগী করার কাজে হাত দিয়েছে।
আড়াই বছর ধরে বিদ্যালয়ের ওই কক্ষটি দখল করে সাংসদ রনির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহ আলম মিয়া জানান, বিদ্যালয়ে প্রবেশপথের বাঁ দিকের ওই কক্ষটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতে ভাড়া চেয়ে উপজেলা আওয়ামী লীগের (সাংসদ রনি সমর্থিত অংশ) সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সহিদুল আলম লিখিত আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৯ আগস্ট বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে কক্ষটি ভাড়া দেওয়া হয়।

ভাড়ার চুক্তি অনুসারে এক লাখ টাকা অগ্রিম দিয়ে সাংসদের অনুসারীরা কক্ষটি ভাড়া নিলেও পরে তাঁরা বিদ্যালয়কে আর কোনো টাকা দেননি। অথচ মাসিক চার হাজার টাকা ভাড়া দেওয়ার শর্তও চুক্তিপত্রে উল্লেখ ছিল।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মু. নাসির উদ্দিনের ভাষ্য, সাংসদ রনি তাঁর বসার জন্য একটি কার্যালয় স্থাপন করতে বিদ্যালয়ের ওই কক্ষটি ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন। ভাড়া নেওয়ার পর সাংসদ রনির প্রভাব খাটিয়ে তাঁর অনুসারীরা সেখানে দলীয় কার্যালয় স্থাপন করেন। ওই সময় সাংসদের চাপে পরিচালনা পর্ষদ বিদ্যালয়ের কক্ষটি সাংসদের নিজের বা রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। মু. নাসির উদ্দিন ওই সময়ও (২০১০ সাল) বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

২০১১ সালের ১ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মা-২) সাখায়েত হোসেন বিশ্বাসের স্বাক্ষরিত এক চিঠিতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে রাজনৈতিক দলের কার্যালয় অপসারণ করার নির্দেশ দেন।

এ ঘটনায় ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বিদ্যালয় থেকে আ. লীগের কার্যালয় সরানোর নির্দেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এই নির্দেশের পর ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ওই কক্ষটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সহিদুল আলমের কাছে (সাংসদ সমর্থিত অংশ) নোটিশ পাঠান প্রধান শিক্ষক। তাঁরা ওই দিনই প্রাপ্তি স্বাক্ষর করে নোটিশটি গ্রহণ করেন। প্রধান শিক্ষক মু. শাহ আলম বলেন, ‘ওই সময় নোটিশ দেওয়ার পর ৩০ মাস (আড়াই বছর) কেটে গেলেও তাঁরা কক্ষটির দখল ছাড়েননি।

গত ১৮ আগস্ট প্রথম আলোতে ‘বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সাংসদ রনির দলীয় কার্যালয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে ওই দিনই আবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবিলম্বে বিদ্যালয়ের কক্ষটি ছেড়ে দিতে নোটিশ  দেন প্রধান শিক্ষক মু. শাহআলম মিয়া।

এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাইনুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে আমরা বিদ্যালয়ের কক্ষটির চাবি হাতে পেয়েছি। ওই কক্ষে তাঁদের (সাংসদের অনুসারী) কিছু মালামাল আছে। সেগুলোর তালিকা করে রাখা হয়েছে।’

পরিচালনা পর্ষদের সদস্য মো. খসরু মিয়া বলেন, ‘বিদ্যালয়ের কক্ষটির ভাড়া বাবদ ৪০ হাজার টাকা পাওনা রয়েছে। মালামাল নেওয়ার সময় পাওনা টাকা পরিশোধ করা হবে বলে সাংসদের অনুসারীদের সঙ্গে কথা হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের (সাংসদ সমর্থিত অংশ) সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের প্রয়োজনে কর্তৃপক্ষ কক্ষটি ছেড়ে দিতে নোটিশ  দেওয়ায় আমরা শুক্রবার সকালে কক্ষটি ছেড়ে দিয়েছি।’

সাধারণ সম্পাদক মো. সহিদুল আলম বলেন, ‘আমাদের কারও কাছে কিছু না বলেই বিদ্যালয় কর্তৃপক্ষ কক্ষটি নিজেদের দখলে নিয়েছে। সেখানে এখনো আমাদের মালামাল রয়েছে।’