অবশেষে বিমানে পেশাদার এমডি নিয়োগের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পেশাদার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদের জন্য আবেদনকারী দেশি-বিদেশি ৪২ জনের মধ্যে দুজনকে বাছাই করে চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। তাঁরা হলেন ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) কেভিন স্টিল ও নাইজেরিয়ার এরিখ এয়ারলাইনসের চিফ অপারেটিং অফিসার কনোর প্রেন্ডারগাস্ট। এর মধ্যে গত বৃহস্পতিবার ঢাকায় কেভিন স্টিলের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলমের নেতৃত্বে নিয়োগ কমিটি বিমানের প্রধান কার্যালয় বলাকায় এই সাক্ষাৎকার নেয়।কনোর প্রেন্ডারগাস্টকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি এখনো ঢাকায় আসেননি বলে অপর একটি সূত্র জানিয়েছে। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার নিয়ে এই দুজনকে বাছাই করা হয়।গত বছরের এপ্রিলে বিমানের এমডি পদ থেকে এয়ার কমোডর (অব.) জাকীউল ইসলাম পদত্যাগ করেন। এর পর থেকে পদটি শূন্য আছে। বর্তমানে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন বিমানের পরিচালক এ এম মোসাদ্দিক আহমেদ।বিমানের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, এমডি নিয়োগের ক্ষেত্রে কেভিন স্টিলকে বেশি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। বিমান পরিবহন ব্যবসায় কেভিন স্টিলের ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি দীর্ঘদিন ব্রিটিশ এয়ারওয়েজের বিপণন শাখায় কর্মরত ছিলেন। এরপর তিনি যথাক্রমে ইতিহাদ, সামাহ এয়ার ও এরিক এয়ারওয়েজে চাকরি করেছেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিমানে গত ৪২ বছরে যে ৫৫ জন এমডি দায়িত্ব পালন করেছেন, তাঁদের কারোরই এই ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা ছিল না। বেশির ভাগই সামরিক-বেসমারিক আমলা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন। পেশাদার এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা আছে। উপর্যুপরি লোকসানের মুখে সর্বশেষ বিমানের পরিচালনা পর্ষদ গত বছর পেশাদার এমডি নিয়োগের সিদ্ধান্ত নেয়। গত বছরের ৩০ জুন ছিল আবেদনপত্র গ্রহণের শেষ দিন। এতে আটজন বিদেশিসহ মোট ৪২ জন আবেদন করেন।