অবশেষে বিলবোর্ড, ব্যানার উচ্ছেদ
অবশেষে নাটোরের গুরুদাসপুর থানার গেটের সামনে থেকে অবৈধ ব্যানার-বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার থানার পুলিশ নিজ উদ্যোগে এসব উচ্ছেদ করে। তবে উপজেলার বিভিন্ন জায়গায় টাঙানো ব্যানার-বিলবোর্ড উচ্ছেদে এখনো কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ৯ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত ‘ব্যানার-বিলবোর্ডে শ্রীহীন গুরুদাসপুর’ সংবাদটি পুলিশের নজরে আসে। পরে থানার গেট ও সীমানা-প্রাচীরসংলগ্ন সব ব্যানার-বিলবোর্ড অপসারণের উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতে এসব বিষয়ে পুলিশ আরও কঠোর হবে বলে জানান ওসি দিলীপ। তবে ব্যানার-বিলবোর্ড অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌরসভা কর্তৃপক্ষের বলেও মত প্রকাশ করেন তিনি।
পৌরসচিব হাফশা শারমিন বলেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী দেশের বাইরে থেকে ফিরলে এসব ব্যানার-বিলবোর্ড উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।