অবশেষে বেড়া পৌরসভার নির্বাচন স্থগিত
উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পাবনার বেড়া পৌরসভার নির্বাচন স্থগিত করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমানের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কার্যালয়ে এসেছে।
বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ছয় মাসের জন্য বেড়া পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে পৌরবাসীকে অবহিত করার জন্য শিগগিরই মাইকিং করা হবে।
গত ৬ জুলাই নির্বাচন কমিশন বেড়া পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩০ জুলাই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১১ আগস্ট মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন ও মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
পৌরসভার সম্প্রসারিত অংশকে বাদ রেখে তফসিল ঘোষণা করায় প্রতীক বরাদ্দের আগে থেকেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে প্রার্থীদের মধ্যে সংশয় ছিল। এ কারণে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা দায়সারাভাবে নিষ্প্রাণ প্রচারণা চালিয়ে আসছিলেন। গত কয়েক দিনে দু-একজন মেয়র প্রার্থী ও ১৫ থেকে ২০ জন কাউন্সিলর প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর পোস্টার চোখে পড়েনি বা মাইকিং শোনা যায়নি।
উপজেলা নির্বাচন কার্যালয় ও পৌরবাসী সূত্র জানায়, বেড়া পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি। এরপর সীমানা নিয়ে পাল্টাপাল্টি মামলার কারণে বন্ধ হয়ে যায় নির্বাচন। ২০১১ সালের ৭ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে মামলার নিষ্পত্তি হয়। রায়ে সাঁথিয়া উপজেলার করমজা হাটসহ আমাইকোলা, দত্তকান্দি ও করমজা নিশিবাড়ি বেড়া পৌরসভার অংশ হিসেবে স্বীকৃতি পায়। এরপর নিয়ম মোতাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রসারিত অংশ নিয়ে ওয়ার্ড পুনর্গঠনের উদ্যোগ নেয়। তবে আজ পর্যন্ত সেই পুনর্গঠনের কাজ সম্পন্ন হয়নি।