অবশেষে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বেতন পেয়েছেন। গতকাল বুধবার নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের এক মাস ও অনিয়মিতদের পাঁচ মাসের বেতন দেওয়া হয়।
বকেয়া বেতনের দাবিতে গত মঙ্গলবার সিটি করপোরেশনের সহস্রাধিক কর্মকর্তা ও কর্মচারী নগর ভবনে বিক্ষোভ করেন।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া ৫৮ কর্মকর্তা-কর্মচারীর ১১ মাসের বেতন বকেয়া ছিল। সেখান থেকে পাঁচ মাসের বেতন দেওয়া হয়েছে। আর নিয়মিত ৫০০ কর্মকর্তা-কর্মচারী বকেয়া ছয় মাসের মধ্যে মাত্র এক মাসের বেতন পেয়েছেন।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার দাস বলেন, গত সোমবারের ঘোষণা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে। বাকি টাকা পরিশোধে রাজস্ব আয় বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।
সোমবার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত ছিল। সে অনুযায়ী রেজিস্টার খাতায় স্বাক্ষর নিয়ে তাঁদের ব্যাংক থেকে টাকা তোলারও নির্দেশ দেওয়া হয়। পরের দিন কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে টাকা তুলতে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। এরপরই নিয়মিত, অনিয়মিত ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন।