অবশেষে বয়স্ক ভাতার বই পেলেন আলফাজ উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বয়স্কভাতার বই পেলেন ঢাকার সাভারের আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ গাজীরচট গ্রামের চা-বিক্রেতা আলফাজ উদ্দিন (৬৫)। বাদ পড়লেন বাড়ির মালিক মো. আবুল হাশেম (৬২)। সমাজকল্যাণমন্ত্রীর নির্দেশে সমাজসেবা অধিদপ্তর এই সিদ্ধান্ত নেয়।উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার আনুষ্ঠানিকভাবে আলফাজ উদ্দিনের হাতে ভাতার বই হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রকনুল হক। জানুয়ারি থেকে মৃত্যুর পর তিন মাস পর্যন্ত তিনি এই ভাতা পাবেন। বর্তমানে মাসে ৩০০ টাকা হারে তিন মাস অন্তর অন্তর তাঁকে ভাতা দেওয়া হবে। পরবর্তী সময়ে সরকারি সিদ্ধান্তে ভাতার পরিমাণ বাড়তে পারে। চা-বিক্রেতা আলফাজ উদ্দিনের পরিবর্তে ধামসোনা ইউনিয়ন পরিষদ তিনটি বাড়ির মালিক মো. আবুল হাশেমের নাম অন্তর্ভুক্ত করে। গত ২৩ ডিসেম্বর আবুল হাশেম গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছয় মাসের ভাতা গ্রহণও করেন। গত শনিবার প্রথম আলোয় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ভাতার বই পেয়ে আলফাজ উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুব খুশি অইচি, বাজান। আল্লায় প্রতম আলোর আরও উন্নতি করুক।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বি মিয়া ভাতা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের কথা নিশ্চিত করে বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর সমাজসেবা অধিদপ্তর আবুল হাশেমের পরিবর্তে আলফাজ উদ্দিনকে ভাতার জন্য নির্বাচিত করায় তাঁকে ভাতার বই দেওয়া হয়েছে।