অবশেষে বয়স্কভাতা পেলেন বৃদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বয়স্কভাতার টাকা পেলেন রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের বৃদ্ধ হেমন্ত কুমার। একই সঙ্গে ঘুষ না দেওয়ায় বৃদ্ধের ভাতার বই আটকে রাখার দায়ে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোদাবক্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ঝিকরা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য খোদাবক্স বয়স্কভাতার বই দেওয়ার জন্য বৃদ্ধ হেমন্ত কুমারের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ দাবি করেন। টাকা না পেয়ে ভাতার বই আটকে রেখেছিলেন। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘ঘুষ না দেওয়ায় ভাতা পেলেন না বৃদ্ধ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ ফিরোজ বলেন, ‘পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। এরপর অফিসের লোক পাঠিয়ে ইউপি সদস্য খোদাবক্সের কাছ থেকে ভাতার বই সংগ্রহ করে বৃদ্ধ হেমন্ত কুমারের বাড়িতে সেটি পৌঁছে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে হেমন্ত কুমার ভাতার বই নিয়ে উপজেলা সদরের ভবানীগঞ্জে সোনালি ব্যাংকে গিয়ে হিসাব খোলেন এবং টাকা উত্তোলন করেন।’
সমাজসেবা কর্মকর্তা আরও জানান, বৃদ্ধের বয়স্কভাতার বই আটকে রাখার ঘটনায় ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।