অবশেষে ভরাট করা খাল দখলমুক্ত করছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাবরাং পানছড়িপাড়া-মণ্ডলপাড়া সংযোগ খালটি অবশেষে দখলমুক্ত করছে উপজেলা প্রশাসন।১৭ এপ্রিল প্রথম আলোতে ‘সরকারি খাল ভরাট করে দখল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম, উপজেলা ভূমি জরিপকারী (সার্ভেয়ার) সাইদুর রহমান, তহশিলদার আবদুল জব্বার, ইউপি সদস্য সব্বির আহমদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ হোসেন, জেলা যুবলীগের নেতা আবুল কালাম অভিযুক্ত সাবেক ইউপি সদস্যের উপস্থিতিতে ওই সংযোগ খালটি সরেজমিনে পরিমাপ করেন। এ সময় উভয় পাশে সীমানা নির্ধারণ করে লাল পতাকা পুঁতে দেওয়া হয়। দখলের অবৈধ বাঁধটি ব্যক্তিমালিকানাধীন জমির ওপর সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য কবির আহমদ বলেন, ‘পরিমাপে আমার সদ্য নির্মিত বাঁধটি খালের ওপরে পড়েছে। তাই আগামী দুই দিনের মধ্যে নিজ উদ্যোগে বাঁধটি সরিয়ে ফেলা হবে।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, খালের উভয় পাশে ৪৮ ফুট সরকারি জমি অবৈধ দখলে চলে গিয়েছিল। অভিযানের মাধ্যমে তা পুনরুদ্ধার করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বলেন, অবৈধ দখল হওয়া খালটি পুনরুদ্ধার করা হয়েছে। টেকনাফে আরও যে কয়টি খাল অবৈধ দখল হয়েছে, সেগুলোও উদ্ধার করা হবে।