অবশেষে ভরাট হলো টিলার সেই ‘পুকুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আলো-চিত মলাইটিলার চূড়ায় খনন করা ‘পুকুর’ অবশেষে ভরাট করা হলো। পরিবেশ অধিদপ্তরের তৃতীয় দফা বাড়িয়ে দেওয়া সময় শেষ হওয়ার তিন দিন আগে গতকাল বৃহস্পতিবার এ কাজ শেষ করেছে সংশ্লিষ্ট আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান।পরিবেশ অধিদপ্তর ‘এনফোর্সমেন্ট’ অভিযান চালানোর পর গর্ত ভরাটের জন্য সময় বেঁধে দেয়। তবে সময়সীমা দুই দফা বাড়ালেও ভরাটকাজ সম্পন্ন হয়নি। ৫ জুলাই দ্বিতীয় দফা সময়সীমা শেষ হলে ১৮ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়। অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল বিকেলে সম্পন্ন হওয়া ভরাটকাজ পরিদর্শন করেছেন।খাদিমনগরের ওই টিলার মালিক ‘শালিমার হাউজিং লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন ভরাটকাজ পরিবেশ অধিদপ্তরের নির্দেশনার চেয়ে বেশি হয়েছে দাবি করে বলেন, ‘চূড়ার যেখান থেকে মাটি খোঁড়া হয়েছিল, তা ভরাট করা হয়েছে। বাইরে থেকে অতিরিক্ত মাটি এনে ভরাটকাজ শেষ করা হলো। ৪০০ গাছের চারা লাগাতে বলা হলেও আমরা ৬০০ গাছ রোপণ করেছি।’টিলায় গিয়ে দেখা গেছে, পুকুরসদৃশ বিশাল গর্তটি ভরাট করতে চূড়ার যে অংশের মাটি কাটা হয়, সেখানে আবার মাটি ফেলে দূর্বাঘাস লাগানো হয়েছে। প্রায় তিন হাজার ৫০০ বর্গফুট আকৃতির গর্তে ৬২ হাজার ফুট মাটি ফেলা হয়েছে বলে কাজের তত্ত্বাবধায়ক মোহাম্মদ জাকারিয়া জানান। গতকাল পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চূড়ার চারদিকে মেহগনিগাছের চারাও লাগানো হয়েছে।গত ১৬ জুন প্রথম আলোয় ‘টিলার চূড়ায় “পুকুর”’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের সূত্র ধরে পরিবেশ অধিদপ্তর এনফোর্সমেন্ট অভিযান চালায়। অভিযানে টিলার চূড়ায় গর্ত করায় এর অন্যতম মালিক শালিমার হাউজিং লিমিটেডকে ১০ লাখ ৬৮ হাজার টাকা ক্ষতিপূরণ দণ্ড দিয়ে অর্ধেক টাকায় পুকুর ভরাট করার নির্দেশনা দেওয়া হয়।দেরিতে হলেও ভরাটকাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী খুশি। হরিপুরের ফারুক আহমদ জানান, প্রথম আলোর প্রতিবেদন পড়ে অনেকেই টিলার চূড়ায় উঠে বিষয়টি দেখেছেন। গতকাল পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, টিলা ধ্বংসের অভিনব এ কৌশলের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য যারা কেটেছে, তাদের দিয়েই ভরাটকাজ করানো হয়েছে।