অবশেষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম অবশেষে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়াদের সাক্ষাৎকার আজ শনিবার থেকে শুরু হবে; চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি ও সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিট এবং বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ও ‘ই’ ইউনিটের সাক্ষাৎকার আজ শনিবার ও কাল রোববার অনুষ্ঠিত হবে। এ ছাড়া গণিত ও পরিসংখ্যান বিভাগভুক্ত ‘এফ’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে কাল রোববার ও পরের দিন সোমবার। আর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আজ শনিবার এবং ৭ ও ৮ এপ্রিল। আর মেধা তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শেষ হবে ১৬ এপ্রিল। এরপর আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে।
গত ৭ ডিসেম্বর থেকে এই সাক্ষাৎকার শুরুর কথা ছিল। তবে বাসচাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় তা স্থগিত করা হয়।