অবশেষে ভারতে গেল শিশু 'ভারত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে যাওয়ার জন্য সুপ্রিয়া রানীর (২২) নাম নিবন্ধনের পর বিলুপ্ত ছিটমহলে তাঁর কোলে আসে ফুটফুটে এক শিশু। মা ভারতীয় নাগরিক হলেও শিশুটি জন্ম নেয় বিলুপ্ত ছিটমহলে। হিসাব অনুযায়ী শিশুটি এখন বাংলাদেশি। তার বয়স এখন আড়াই মাস। বাংলাদেশ থেকে ভারত—জীবনে পট পরিবর্তনের এ সময়ে জন্ম নেওয়ায় দাদা ছেলেশিশুটির নাম রাখেন ‘ভারত’। সুপ্রিয়া রানী ও লালচান রায়ের ঘরে জন্ম নেয় এই ভারত।
নাম ভারত রাখলেও সমস্যার সমাধান মেলেনি। কারণ, ভারতে যাওয়ার জন্য ওর নাম তো নিবন্ধন করা হয়নি। শিশুটি কীভাবে মা-বাবার সঙ্গে ভারতে যাবে, তা নিয়ে এত দিন পরিবারটি ছিল উৎকণ্ঠায়। অবশেষে গতকাল সোমবার গাজোকাঠি ক্যাম্পে গিয়ে সেও ভারতে যাওয়ার অনুমতি পায়। ‘ভারত’ শেষ পর্যন্ত ভারতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। শিশুটি বাংলাদেশ কিংবা ভারত কী, তা জানার আগেই বাবা-মায়ের কোলে চড়ে গতকাল সোমবার বেলা পৌনে তিনটায় পেরিয়ে যায় সীমান্তের কাঁটাতারের বেড়া। সীমান্তের এ পারে দাঁড়িয়ে তাকে বিদায় জানায় বাংলাদেশে থেকে যাওয়া প্রিয়জনেরা।
বাবা-মা ভারতের নাগরিকত্ব গ্রহণের পর জম্ম হয় ভারতের। ওর বয়স আড়াই মাস হতে না-হতেই বাবা-মাসহ বাবার পরিবারের সদস্যদের সঙ্গে ওকে ভারতে চলে যেতে হচ্ছে। মায়ের ইচ্ছা ছিল, ভারতের অন্নপ্রাশন হবে ধুমধাম করে। সেই অনুষ্ঠানে অন্য আত্মীয়স্বজনের সঙ্গে উপস্থিত থাকবেন তাঁর বাবার বাড়ির লোকজনও। কিন্তু তা আর হলো না। অন্নপ্রাশনের আগেই ভারতকে নিয়ে নতুন দেশে যেতে হলো পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত কোট ভাজনী ছিটমহলের সুপ্রিয়া রানী ও লালচান রায় নামের ওই দম্পতিকে।
ভারতে যাওয়ার পথে ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়ার আবদুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ইমিগ্রেশন ক্যাম্পে সুপ্রিয়া বলেন, ‘বাবা-মা, দুই বোনকে ছাড়িয়া মোক যাবার ইচ্ছা করেছে না। কিন্তু কী করিম, মোর স্বামী তো যাবেই। শ্যাষোত ওমারলার (বাবা-মা, বোন) মায়া মোক ছাড়িবার নাগিল।’
সুপ্রিয়ার বাবার বাড়ি একই উপজেলার পূর্ব দেবীডুবা গ্রামে। নাতির জন্ম হওয়ায় অনেক খুশি হয়েছিলেন নানা শৈলেন রায়। নাতিকে ঘিরে অনেক সাধ-আহ্লাদ ছিল তাঁর। কিন্তু মেয়ে-জামাই ভারতীয় নাগরিকত্ব নেওয়ায় সে আশা আর পূরণ হলো না তাঁর।
ওই নবজাতক আর ছয় বছরের এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল সুপ্রিয়া আর লালচানের। কিন্তু বিলুপ্ত ছিটমহলের নাগরিকত্ব নির্ধারণ আর ভারতের নাগরিকত্ব গ্রহণে আপনজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হলো তাঁদের। লালচান রায় বলেন, ‘ভারতে যাওয়ার মোর তেমন ইচ্ছা ছিল না। পরে খবর নিয়া দেখিনু, হামার গ্রামের সবায় যাছে। সবায় গেলে মুই ওই গ্রামোত থাকিম কেমন করি? শ্যাষোত মুইও ভারত যাবার সিদ্ধান্ত নিনু।’
নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে গতকাল সোমবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত দুটি ছিটমহলের ২৮ পরিবারের ১৪৭ জন সদস্য ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে ভারতে যান। গতকাল বেলা পৌনে তিনটায় তাঁরা ওই সীমান্ত অতিক্রম করে কোচবিহার জেলার হলদিবাড়ী থানার খালপাড়ায় প্রবেশ করেন।