অবশেষে কক্সবাজার জেলার ভিজিএফ কার্ডের আগের বরাদ্দ তালিকা সংশোধন করেছে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। গত ৩০ জুন সংশোধিত ওই তালিকা জেলা প্রশাসনের ত্রাণ শাখায় পাঠানো হয়।
আগে কক্সবাজার জেলার ছয়টি উপজেলার বরাদ্দ কেটে টেকনাফ ও উখিয়া উপজেলার জন্য অতিরিক্ত ৪২ হাজার ৮৮১টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এতে জনপ্রতিনিধিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁরা এ বরাদ্দ চরম বৈষম্য বলে অভিযোগ করেন।
উল্লেখ্য, গত ২৮ জুন প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘চকরিয়ার ভিজিএফ কার্ড বরাদ্দে বৈষম্য!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের ত্রাণ শাখা সূত্র জানায়, গত ১৫ জুন জেলার চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামু ও কক্সবাজার সদর উপজেলার বরাদ্দ থেকে কেটে ৪২ হাজার ৮৮১টি কার্ড টেকনাফ ও উখিয়া উপজেলার জন্য অতিরিক্ত বরাদ্দ দিয়ে একটি তালিকা স্ব স্ব উপজেলায় পাঠানো হয়।
এ তালিকা নিয়ে পুরো জেলাব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরপর তালিকা সংশোধন করা হয়। নতুন তালিকায় টেকনাফ উপজেলায় ৫১ হাজার ৪১টি ভিজিএফ কার্ড থেকে কমিয়ে ২৩ হাজার ৫৬১টি এবং উখিয়া উপজেলায় ৩৩ হাজার ২৯৫টি থেকে কমিয়ে ১৭ হাজার ৮৯৪টি বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে জেলার আরও পাঁচটি উপজেলার জন্য ভিজিএফ কার্ডের বরাদ্দ বাড়ানো হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় আগেরটি বাতিল করে জেলার ভিজিএফ কার্ডের নতুন তালিকা গত ৩০ জুন পাঠিয়েছে। গত মঙ্গলবার ওই তালিকাটি জেলার আট উপজেলায় পাঠানো হয়েছে।
জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জম হোসাইন বলেন, গত মঙ্গলবার জেলা প্রশাসন থেকে ভিজিএফ কর্মসূচির নতুন একটি তালিকা দিয়েছে। নতুন তালিকায় ১৪ হাজার ৪৫০টি থেকে বাড়িয়ে ২৪ হাজার ৬৮৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।