অবশেষে ভিজিএফের চাল পাচ্ছেন দুস্থরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের এক হাজার ৭১৬টি দুস্থ পরিবার আজ বৃহস্পতিবার ভিজিএফের চাল পেতে যাচ্ছে। পীরব ইউনিয়নে ভিজিএফ সুবিধা পাওয়ার তালিকায় নাম ওঠানো নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা পক্ষপাতিত্ব ও পাল্টাপাল্টি অভিযোগ করেন। উপজেলা পরিষদের সিদ্ধান্তে ওই ইউনিয়নে বরাদ্দ স্থগিত করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সভাপতি জানান, ঈদের পর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এতে ওই ইউনিয়নে ঈদের আগে ভিজিএফ সুবিধা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এ ব্যাপারে গতকাল বুধবার প্রথম আলোয় ‘বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্ব, ঈদের আগে ভিজিএফের চাল পাওয়া নিয়ে সংশয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পীরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম বলেন, ‘আমাকে আজ (বুধবার) ডেকে নিয়ে গিয়ে বরাদ্দপত্র দেওয়া হয়েছে।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি নিজে উপস্থিত থেকে আজ দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করব।’