অবশেষে ভিজিএফের চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কক্স-বাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ঈদের বিশেষ ভিজিএফের চাল গত শুক্রবার দুস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে এসব চাল ঈদের আগে বিতরণ করার কথা থাকলেও স্থানীয় ইউপি চেয়ারম্যানের গাফিলাতির কারণে তা বিতরণ করা হয়নি। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোর বিশাল বাংলায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের চাপের মুখে শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান ওই ভিজিএফের চাল বিতরণ করতে বাধ্য হন। স্থানীয় মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্থানীয় চেয়ারম্যান এত দিন ভিজিএফের চাল বিতরণ করেননি। তদারকি কর্মকর্তা ও পল্লী জীবিকায়ন প্রকল্পের (পজীপ) উপজেলা প্রকল্প কর্মকর্তা রূপজ খীসা বলেন, শুক্রবার তিন হাজার ২০০ পরিবারের মধ্যে প্রায় দুই হাজার ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বাকি ৮০০ পরিবারের মধ্যে গতকাল বিতরণ করা হয়েছে। মহেশখালীর ইউএনও এ টি এম কাউসার হোসেন বলেন, প্রশাসনের চাপের মুখে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী ওই ভিজিএফ চাল অসহায় দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করতে বাধ্য হন।