অবশেষে ভিসা পেলেন নাজবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সওগাত নাজবিন খান
সওগাত নাজবিন খান

কমনওয়েলথ যুব পুরস্কারজয়ী সওগাত নাজবিন খান অবশেষে যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকার ব্রিটিশ হাইকমিশন তাঁকে ডেকে নিয়ে ভিসা দেয়।
কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের মধ্য থেকে মাত্র চারজনকে দেওয়া হচ্ছে ‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০১৬ ’। এই চারজনের একজন ময়মনসিংহের মেয়ে নাজবিন। ১৭ মার্চ কমনওয়েলথ দিবসে লন্ডনে এই পুরস্কার ঘোষণা ও সম্মাননা অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু দিল্লির ব্রিটিশ ভিসা অফিস দুই দফায় নাজবিনের ভিসা প্রত্যাখ্যান করায় তাঁর এই অনুষ্ঠানে যোগদানে অনিশ্চয়তা দেখা দেয়।
কমনওয়েলথ দিবস উপলক্ষে গতকাল সোমবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, তাঁরা নাজবিনকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তিনি লন্ডনে গিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।

আজ বেলা সাড়ে ১১টার দিকে নাজবিন প্রথম আলোকে বলেন, তাঁকে সকালে হাইকমিশনে যেতে বলা হয়। সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁকে ভিসা দেওয়া হয়। তাঁকে যত দ্রুত সম্ভব অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে।

নাজবিন বলেন, ‘ইতিমধ্যে রানির সঙ্গে নৈশভোজসহ আনুষ্ঠানিকতার দুদিন পেরিয়ে গেছে। এখন সান্ত্বনা এটুকুই যে, আমি শুধু পুরস্কারটি আনতে যেতে পারব।’

মানবসেবার ব্রত নিয়ে যাঁরা নিজ নিজ সমাজ ও রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন, তাঁদের স্বীকৃতি দিতেই কমনওয়েলথের এই পুরস্কার। কমনওয়েলথ সচিবালয় তাদের খরচে পুরস্কারপ্রাপ্তদের লন্ডনে এনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয়। পুরস্কারটি দেওয়া হয় ৩০ বছরের কম বয়সীদের। নাজবিনকে এ পুরস্কার দেওয়া হচ্ছে দরিদ্র মানুষের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য।

নাজবিন ময়মনসিংহে একটি শিক্ষাপ্রতিষ্ঠান করে আর্থিকভাবে অসচ্ছল ছেলেমেয়েদের জন্য আধুনিক প্রযুক্তিতে শিক্ষা দেওয়ার কাজ করছেন। তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে ভারতে পরিবেশবান্ধব জ্বালানির বিষয়ে পড়াশোনা করেন। তিনি এইচ এ ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠান করেছেন। প্রতিষ্ঠানটি গ্রামীণ হতদরিদ্র পরিবারের ৩৩৬ জন নিবন্ধিত শিক্ষার্থীকে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করেছে।

আরও পড়ুন: