অবশেষে ভেঙে ফেলা হচ্ছে অপরিকল্পিত সিঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি কমপ্লেক্সের সিঁড়ি গতকাল ভাঙতে দেখা যায় l প্রথম আলো
সিটি কমপ্লেক্সের সিঁড়ি গতকাল ভাঙতে দেখা যায় l প্রথম আলো

রাজশাহী সিটি করপোরেশনের পুরাতন ভবনের জায়গায় ১৬তলাবিশিষ্ট নির্মাণাধীন সিটি সেন্টারের অপরিকল্পিত সিঁড়ি অবশেষে ভেঙে ফেলা হচ্ছে। করপোরেশনের সাধারণ সভায় সিটি সেন্টারের সিঁড়ির ব্যাপারে আপত্তি ওঠায় নির্মাণ সংস্থা এনা প্রোপার্টিজ এখন সেই সিঁড়ি ভেঙে ফেলছে।
সেন্টার নির্মাণের কাজ পায় রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠান এনা প্রোপার্টিজ। করপোরেশন থেকে জানা গেছে, ২০০৯ সালে সিটি সেন্টারের কাজের দরপত্র আহ্বান করা হলে সাংসদের প্রতিষ্ঠানটিই একমাত্র দরপত্রটি জমা দেয়। ফলে ১৬ তলাবিশিষ্ট ওই কাজটি তারাই পায়। চুক্তি অনুযায়ী সমুদয় প্যাকেজের ২৫ দশমিক ২৫ শতাংশ সিটি করপোরেশন পাবে। বাকিটা এনা প্রপার্টিজ বিক্রি করবে।
৩৬ মাসের মধ্যে এই নির্মাণকাজ শেষ করার কথা। সেই হিসাবে গত ১ এপ্রিল এই কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত ১৬তলার জায়গায় ওই নির্মাণকাজে মাত্র ছয়তলার কাঠামো খাড়া করা হয়েছে। এখন তাদের নির্মাণকাজের কোনো অগ্রগতি নেই।
সর্বশেষ গত ২১ ডিসেম্বর সিটি করপোরেশনের সাধারণ সভায় বিষয়টি উত্থাপন করা হয়। সভায় করপোরেশনের সচিব বলেন, নির্মাণ সংস্থার নিষ্ক্রিয়তা দরপত্র ও চুক্তিপত্র দলিলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবনের নির্মিত সিঁড়িও অপরিকল্পিতভাবে করা হয়েছে। এ নিয়ে খোদ মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সভায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা এই সিঁড়ি ভেঙে ভবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ সিঁড়ি করার জন্য এনা প্রোপা‌র্টিজকে প্রস্তাব করেন। আট মাস পর গতকাল রোববার সেই সিঁড়ি ভাঙার কাজ শুরু হয়।

এনা প্রোপার্টিজের নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম বলেন, সিঁড়িটা ভেঙে আবার নতুন করে করা হবে। এবার আরও ভালো করা হবে। তিনি বলেন, ঋণ না পাওয়ার কারণে এবং যাঁদের কাছে দোকানঘর বিক্রি করা হয়েছে তাঁদের কাছ থেকে ভালো সাড়া না পাওয়ায় নির্মাণকাজ শেষ করতে দেরি হচ্ছে।

করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না।