অবশেষে ভোগান্তির অবসান
নীলফামারীর ডোমার উপজেলার বেতগাড়া ধনচনপুর বাজারের কাছে থাকা অচল ট্রান্সফরমারটি সরিয়ে সেখানে একটি নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা এসে এটি স্থাপন করেন। এতে ওই এলাকার লোকজনের মধ্যে দুই মাস পর স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতগাড়া ধনচনপুর বাজারের কাছে থাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ওই ট্রান্সফরমারটি দুই মাস ধরে বিকল হয়ে পড়েছিল। এতে ওই এলাকার সহস্রাধিক মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিষয়টি নিয়ে গত ৩১ আগস্ট প্রথম আলোয় ‘ট্রান্সফরমারের জন্য...’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি ছাপা হওয়ার পর বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই স্থানে একটি নতুন ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নেয়। দীর্ঘ দুই মাস পর শুক্রবার দুপুরে বিদ্যুৎ পেয়ে বেতগারা গ্রামের মনোয়ার হোসেন বলেন, ‘এত দিন অনেক চেষ্টা করেছি, অনেকের কাছে ধরনা দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার কারণে আমরা বিদ্যুৎ পেলাম।’ডোমার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী নির্মল কুমার রায় বলেন, ‘পরশু দিন রংপুর নির্বাহী প্রকৌশলীর কাছে ১৩টি নতুন ট্রান্সফরমার এসেছে। আমি সেখান থেকে একটি নিয়ে শুক্রবার সেখানে স্থাপন করার ব্যবস্থা করেছি।’