অবশেষে ভোটার হচ্ছেন সাবরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক প্রতিবন্ধী সাবরিনা সুলতানা
শারীরিক প্রতিবন্ধী সাবরিনা সুলতানা

অবশেষে ভোটার হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী সাবরিনা সুলতানা। কিছুদিনের মধ্যেই তিনি পরিচয়পত্র হাতে পাবেন।
আজ সোমবার সকালে চট্টগ্রামে জেলা নির্বাচন অফিসে তাঁর ছবি তোলাসহ ভোটার নিবন্ধনের অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে।
সাবরিনা সুলতানা (৩০) চট্টগ্রামের হালিশহর থানাধীন শান্তিবাগে বাস করেন। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক বা সংক্ষেপে বি-স্ক্যানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনের দাপ্তরিক কাজের প্রয়োজনে সম্প্রতি ভোটার হিসেবে নাম নিবন্ধনের তাগিদ অনুভব করেন সাবরিনা।
এর পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে সাবরিনাকে জানানো হয়, এ কাজের জন্য যে কাউকে পাঠিয়ে দিলেই হবে। শুধু ছবি তোলার সময় তাঁকে যেতে হবে। তবে সাবরিনার পক্ষ থেকে জেলা নির্বাচন অফিসে যিনি যান, তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন নির্বাচন অফিসের দায়িত্বরত কর্মকর্তারা। তাঁরা সাফ জানিয়ে দেন, সাবরিনাকেই যেতে হবে। অন্য কেউ গেলে হবে না।
এর পর সাবরিনাকে নিবন্ধনের জন্য নানা ধরনের হয়রানি পোহাতে হয়।
সাবরিনার এ দুর্ভোগ নিয়ে ২৩ নভেম্বর প্রথম আলো ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই ভিত্তিতে আজ তাঁর নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এজন্য প্রথম আলো ডটকমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সাবরিনা।