অবশেষে ভোলা খাল দখলমুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ভোলা খাল দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে স্থানীয় ভূমি প্রশাসন। কয়েক দিন ধরে খালের সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে।
ভূমি অফিস জানায়, গতকাল বৃহস্পতিবার ভোলা শহরের কাশিশ্বর সেতু থেকে (মোল্লা ব্রিজ) দক্ষিণে বাংলা স্কুল সেতু পর্যন্ত সীমানা নির্ধারণ করা হয়। এতে দেখা যায়, খালের পূর্ব পারে ২৫টি স্থাপনা এবং পশ্চিম পারে ১২২টি স্থাপনা অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়। পশ্চিম পারের অবৈধ ১২২টি স্থাপনার ১০২টিই পৌরসভার।
ভূমি অফিস সূত্র জানায়, ১৯৪৫ সালেও এই খালটি বেতুয়া নদী নামে পরিচিত ছিল। পরে এটি ভোলা খাল নামে পরিচিতি লাভ করে। তখন খালটি ৬০-৭০ ফুট প্রশস্ত ছিল।
গত বছরের ২৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘ভোলা খালের জন্য গোপন কান্না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর প্রশাসন খালটির বিষয়ে তৎপর হয় ওঠে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মনেপ্রাণে চান এই খালের নাব্যতা ফিরে আসুক। সেই মতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন।’
খালের শহর অংশে খালটির ১২ কিলোমিটারের মধ্যে আট কিলোমিটারই ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। বাকি অংশ দিয়ে এখনো মালবাহী নৌকা শহরের ভেতরে ঢুকতে পারে। তবে খালটির ওপর একাধিক নিচু সেতু তৈরি করার ফলে অব্যবহৃত অংশ উদ্ধার হলেও সেখান দিয়ে নৌ-চলাচল সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
সদর উপজেলার এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) মো. রুহুল আমিন গতকাল জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে দখলদারদের নোটিশ দিয়ে খাল দখলমুক্ত করা হবে।
এর আগে ২০১৫ সালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) ভোলা খাল রক্ষায় উচ্চ আদালতে রিট করে। আদালত ভোলা পৌরসভাসহ ১৫টি সরকারি প্রতিষ্ঠানকে খালটি দখল ও দূষণমুক্ত করার নির্দেশ দেন।
এসি ল্যান্ড মো. রুহুল আমিন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৫ সালেই খালটি দখল-দূষণমুক্ত করার জন্য ভূমি অফিস সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনার তালিকা তৈরি করেছিল। কিন্তু ওই সময় পৌর নির্বাচন এসে যাওয়ায় তা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বেলার বরিশাল কার্যালয়ের প্রধান লিংকন বায়েন বলেন, ভোলা খাল রক্ষায় তারা ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী পরিচালকসহ ১৪টি প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে রিট করেছিলেন। ২০১৫ সালের ৪ মে আদালত খালটি দখল ও দূষণমুক্ত করার নির্দেশ দেন।
খালের মধ্যে ১০২টি স্থাপনাই পৌরসভার। আবার নিচু সেতু তৈরি করে খালে নৌ-চলাচলের জন্য সমস্যা তৈরি করে সমালোচনায় পড়েছে পৌর কর্তৃপক্ষ। তবে এখন খাল রক্ষায় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাতে সহায়তা করবে পৌরসভা। মেয়র মো. মনিরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেছেন, ‘আমরা ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার ব্যাপারে সক্রিয় আছি।’