
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পে চীনা ঠিকাদাির প্রতিষ্ঠান সিনো হাইড্রোর কাজে হতাশা ব্যক্ত করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কার্যালয়ে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এই হতাশার কথা জানান৷
যোগাযোগমন্ত্রী বলেন, ‘মহাসড়কের ১০ ভাগের সাত ভাগ কাজ দেওয়া হয়েছে সিনো হাইড্রোকে৷ আমরা কাজ দিয়েই তাদের ওপর দায়িত্ব ছেড়ে দিলাম। কিন্তু বর্ষা এলেই, একটু হরতাল-অবরোধ হলেই তারা হাত গুটিয়ে বসে থাকে।’
সিনো হাইড্রোর কাজের এই চিত্র নতুন নয়৷ কিন্তু সময়মতো কাজ না করার পরও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার৷ উল্টো বাড়তি টাকা দাবি করার পর তাদের সঙ্গে সমঝোতা বৈঠক করেছে যোগাযোগ মন্ত্রণালয়৷ প্রতিষ্ঠানটির অনানুষ্ঠানিক শর্ত ছিল, পদ্মা সেতুর নদীশাসনের কাজ পেলে তারা চার লেনের কাজ সম্পন্ন করবে৷ এই শর্তও পূরণ হওয়ার পথে৷ এত ঘটনার পর অবশেষে সিনো হাইড্রোর কাজ নিয়ে যোগাযোগমন্ত্রীর বোধোদয় হলো৷
ওয়াবদুল কাদের বলেন, ‘তাদের সঙ্গে চুক্তিতে ছিল যখন আমার নতুন রাস্তা তারা করবে তখন বিদ্যমান রাস্তাও মেরামত করবে৷ সে দায়িত্বটা শেষ মুহূর্তে এসে তারা পালন করবে না বলে অপারগতা প্রকাশ করেছে। ফলে জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। ১০-১২ ঘণ্টার যানজট হচ্ছে।’ আসন্ন রোজা ও ঈদ সামনে রেখে মহাসড়কে যানজট রোধে একটি তদারকি (মনিটরিং) কার্যালয় খোলার ঘোষণা দেন তিনি৷
যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘চায়নিজ কোম্পানি (সিনো হাইড্রো) যেহেতু কাজ করছে না, আমাদের নিজেদের অর্থায়নে রাস্তাগুলো সচল রাখতে হবে। মেরামত করতে হবে। যেকোনো মূল্যে সচল রাখতে হবে।’
মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২০১১-১২ সালেও সিনো হাইড্রো বেহাল সড়ক মেরামতে রাজি না হওয়ায় সরকারই তা করে৷ চার লেন প্রকল্পের অধীনে কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার এলাকায় বিদ্যমান মহাসড়কের সমান সড়ক নির্মাণের কথা রয়েছে৷ সিনো হাইড্রোর সঙ্গে চুক্তি অনুযায়ী চার লেন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল গত বছর জানুয়ারিতে৷ গত বছর অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চার মাস কাজ বন্ধ রাখে প্রতিষ্ঠানটি৷ পরে তাদের আবেদনের ভিত্তিতেই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়৷ এখন সময় বৃদ্ধির অজুহাতে বাড়তি ৫১১ কোটি টাকাও দাবি করেছে সিনো হাইড্রো৷ গত মে পর্যন্ত সিনো হাইড্রো তাদের দায়িত্বে থাকা কাজের ৩৫ ভাগ করতে পেরেছে৷ এ সময় দেশীয় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের অংশের ৭৪ ভাগ কাজ সম্পন্ন করেছে৷ দ্রুত কাজ শেষ করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়, ঠিকাদারি প্রতিষ্ঠান, চীনা দূতাবাস মিলে চার দফা বহুপক্ষীয় বৈঠক হয়৷
ওবায়দুল কাদের সওজের কর্মকর্তাদের বলেন, ‘আপনারা একটু কষ্ট করেন। আমি আপনাদের বলি, আপনারা একটু মাঠে থাকুন।’
মতবিনিময় সভায় সাংসদ দিদারুল আলম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, ডিআইজি নওশের আলী, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ ও সওজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷