অবশেষে মন্ত্রীর হস্তক্ষেপে বরিশালে শ্রমিকদের লঞ্চ ধর্মঘট প্রত্যাহার
অবশেষে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের হস্তক্ষেপে বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে ডাকা লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা পাঁচ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকেরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে লঞ্চমালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের বৈঠক হয়। তিন ঘণ্টার বৈঠক শেষে বিকেল সাড়ে তিনটায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শ্রমিকেরা, তবে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত লঞ্চ চলাচল শুরু হয়নি।সূত্র জানায়, মাস্টার নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়নি বলে বৈঠকে মন্ত্রী আশ্বাস দেওয়ার পর শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।এদিকে লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বরিশাল কার্যালয়ে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় শ্রমিকদের এক বৈঠক হয়। জানা গেছে, বৈঠকে শ্রমিকেরা দাবি জানান, ধর্মঘট চলাকালে তাঁদের খাবার ও অন্যান্য খরচ দিতে হবে।লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান ফেডারেশনের বরিশাল শাখার যুগ্ম সম্পাদক মাস্টার একিন আলী প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণ ধর্মঘট করায় শ্রমিকদের ধন্যবাদ জানাতে এই সভা আহ্বান করা হয়। তবে আমরা কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়েছি। শ্রমিকদের দাবি অনুযায়ী পাঁচ দিনের খরচের টাকা দেওয়া হবে বলে আশ্বাস পেলে সঙ্গে সঙ্গে সব শ্রমিক লঞ্চে উঠবে।’লঞ্চমালিকদের সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের সভায় মাস্টার নজরুল ইসলামকে বরখাস্ত না করে তিন দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ছুটি ভোগের পর তিনি কাজে যোগ দেবেন। তার পর নজরুলকে লঞ্চমালিক রাখতে পারেন অথবা পাওনা টাকা দিয়ে বিদায়ও করে দিতে পারবেন। পাঁচ দিনের খরচের টাকা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শ্রমিকেরা তো আমাদের লঞ্চই চালাননি। তাঁদের খরচ দেব কেন?’একজন শ্রমিককে বরখাস্ত করাকে কেন্দ্র করে ৭ মার্চ বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের রুটগুলোতে ধর্মঘটের ডাক দেন লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।