অবশেষে মহানগর দায়রা জজ আদালতের নিয়ন্ত্রণ হস্তান্তর করা হলো
অবশেষে ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে। ঢাকার জেলা জজ আবদুল মজিদ গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ বরাবর নিয়ন্ত্রণ হস্তান্তরের চিঠি পাঠিয়েছেন।গত ৮ আগস্ট প্রথম আলোতে ‘অবকাঠামোগত সুবিধা ছাড়াই চলছে মহানগর আদালত’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে কয়েক দফা আলোচনা হয়। শেষ পর্যন্ত গতকাল ছয় ভবনের প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়।জেলা জজের চিঠিতে বলা হয়, আদালতে এজলাস, বিচারকদের খাস কামরা ও অফিস সমস্যা নিরসনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চিঠিতে বলা হয়, ভবনটি বর্তমানে যে অবস্থায় আছে সে অবস্থায় শুধু প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর করা হলো।মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, মহানগর দায়রা জজ আদালত ভবনের নিচতলার সব কটি কক্ষেই জেলা জজ আদালতের একাধিক আদালতের এজলাস, সেরেস্তা, হিসাব ও অনুলিপি শাখা এবং জিপি কার্যালয় রয়েছে। এ ছাড়া ভবনের নিচতলায় একটি ক্যানটিন, স্টেশনারি দোকান ও ভেন্ডার সেট রয়েছে। এগুলোর ভাড়া উত্তোলন করেন জেলা জজ আদালত। ১৯৯৯ সালে মহানগর দায়রা জজ আদালতে কার্যক্রম শুরু হলেও ভবনের নিয়ন্ত্রণ ঢাকার জেলা জজ আদালতের হাতে ছিল। ভবন হস্তান্তরের বিষয়ে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে ২০০৯ সালের ১৩ মে ঢাকার জেলা জজকে একটি চিঠি দেয়। কিন্তু এ পর্যন্ত তা করা হয়নি।