অবশেষে মামলা করলেন সেই মেয়েটির বাবা
রাজধানীর অদূরে আশুলিয়ায় পাশবিকতার শিকার সেই মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার থানায় মামলা করেছেন। ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল ইজাজ উদ্দিন নামের এক যুবককে আটক করেছে। এর আগে ধর্ষককে গ্রেপ্তার ও তার ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করে।মামলা করার পর আইন ও সালিশ কেন্দ্র (আসক) মেয়েটিকে রাজধানীর একটি থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেকেন্দার হোসেন গতকাল সকালে ঘটনাস্থলে যান। তিনি এলাকাবাসী ও মেয়েটির অভিভাবকদের সঙ্গে কথা বলেন। প্রাথমিক তদন্তে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়ার পর তিনি ধর্ষণের শিকার মেয়েটি ও তার বাবাকে থানায় নিয়ে যান। পুলিশের সহায়তা পেয়ে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করতে সম্মত হন। আশুলিয়া থানা গতকাল বিকেলে তাঁর মামলাটি নথিভুক্ত করে। মামলায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।শিশুটির খেলার সাথি আফসানা মিমি ও শামীম গতকাল এই প্রতিবেদককে জানায়, লাল চুলের এক যুবক মেয়েটিকে কলা-রুটি খাওয়ানোর কথা বলে কোলে তুলে নিয়ে যায়। এসআই সেকেন্দার হোসেন জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইজাজ জানিয়েছেন, তাঁর চুল লাল ছিল। গতকাল সকালে তিনি চুলে কালো রং করেছেন। তবে ইজাজ মেয়েটিকে ধর্ষণ করার কথা অস্বীকার করেছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, এলাকাবাসীর বর্ণনা ও ছেলেটির নানা তৎপরতার করণে তাঁকে আটক করা হয়েছে। তবে মেয়েটি তাঁর সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারছে না। তাই তাঁকে সরাসরি মামলার আসামি না করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত শনিবার সন্ধ্যায় মেয়েটি বাসার পাশে সমবয়সীদের সঙ্গে খেলছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক যুবক এসে মেয়েটিকে রুটি-কলা খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে যান। সারা রাত তার খোঁজ মেলেনি। সকালে মেয়েটিকে একটি গর্তে পাওয়া যায়।