অবশেষে মামলা নিল থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে পাঁচ তরুণ অপহরণ হওয়ার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে সাভার থানার পুলিশ। অপহূত তরুণ তৌফিকুল ইসলামের বাবা তাজুল ইসলাম বাদী হয়ে গতকাল শুক্রবার ওই মামলা করেন।সোমবার সন্ধ্যায় সুগন্ধা হাউজিং এলাকা থেকে সাদা পোশাকের সশস্ত্র পাঁচ ব্যক্তি তাদের ধরে নিয়ে যায়। মামলায় তৌফিকুল ইসলাম ও মোহর আলী ছাড়াও মোস্তফা এবং মিঠুর পূর্ণ পরিচয় উল্লেখ করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে আরেকজনের নাম। মামলার বর্ণনা অনুযায়ী, মোস্তফা দিনাজপুর সদর উপজেলার মিননগর বালুবাড়ি গ্রামের আবদুর রহিমের ছেলে। আর মিঠু শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিসর গ্রামের আমির হোসেনের ছেলে।পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে তৌফিক, মোহর, মোস্তফা, মিঠুসহ পাঁচ বন্ধু মিলে সুগন্ধা হাউজিংয়ের সোহাগ মিয়ার চায়ের দোকানে বসে চা-পান করছিলেন। এ সময় সাদা পোশাকে পাঁচ ব্যক্তি র‌্যাব পরিচয়ে তাদের ধরে নিয়ে যায়। তাঁদের হাতে হাতকড়া ও পিস্তল ছিল। এর পর থেকে তাঁদের কোনো হদিস নেই। ঘটনার এক দিন পর মঙ্গলবার তৌফিকের বাবা তাজুল ইসলাম সাভার থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। কিন্তু থানা বৃহস্পতিবার পর্যন্ত তা নথিভুক্ত করেনি। এমনকি ওই তরুণদের উদ্ধারে কোনো ব্যবস্থাও নেয়নি। বিষয়টি নিয়ে গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পরে ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে সাভার থানা গতকাল মামলা নথিভুক্ত করে। তৌফিকের বাবা তাজুল ইসলাম বলেন, ‘আমার একমাত্র ছেলের কোনো সন্ধান পাচ্ছি না। পাঁচ দিনেও পুলিশ তাকে উদ্ধার করতে পারল না।’মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার এসআই রাকিবুল হাসান বলেন, চার তরুণ অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অপরজনের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।