ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়পাড়া বাজারে ইউপি চেয়ারম্যানের দোকানঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় অবশেষে থানা-পুলিশ মামলা গ্রহণ করেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৃথক তিনটি মামলা রেকর্ড করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দোকান পোড়ানোর ঘটনায় নাটুয়াপাড়া ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক সরকারের স্ত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক, মারামারির ঘটনায় তাঁদের নিকটাত্মীয় আবদুল মালেক এবং উত্ত্যক্ত করার ঘটনায় ওই স্কুলছাত্রী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। তিনটি মামলায় ২২ জনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা গ্রহণের পরপরই তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গতকাল শনিবার থেকেই তদন্ত শুরু করেছেন।
এ বিষয়ে তোজাম্মেল হক সরকার বলেন, ঘটনার দিনই থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করলেও অজ্ঞাত কারণে পুলিশ মামলাগুলো গ্রহণ করেনি। পরে শুক্রবার মধ্যরাতে মামলাগুলো রেকর্ড করা হয়।
গত বুধবার তোজাম্মেল হক সরকারের ভাগনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী তাকে একা পেয়ে উত্ত্যক্ত করেন। এ ঘটনায় তার মামাতো ভাই সোহেল রানা প্রতিবাদ জানান। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেল রানা ক্ষিপ্ত হয়ে আকবরকে মারধর করেন। এর পরদিন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা একজোট হয়ে তোজাম্মেল হকের নাটুয়াপাড়া বাজারের সোলার প্যানেলের দোকানে হামলা চালিয়ে পুড়িয়ে দেন।